১৪ মার্চ ইমাম-মুয়াজ্জিনদের ভাতা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
রবিবার ধর্ম মন্ত্রণালয়ে সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৪ মার্চ সারা দেশে ইমাম-মুয়াজ্জিনসহ বিভিন্ন উপাসনালয়ের ধর্মীয় নেতাদের জন্য সরকার ঘোষিত মাসিক সম্মানি ভাতা কার্যক্রম উদ্বোধন করবেন।
রবিবার (৮ মার্চ) সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ে ধর্মমন্ত্রীর দপ্তরে প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের নির্বাচনি ইশতেহারে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি জোরদারের লক্ষ্যে সব ধর্মের উপাসনালয়ের ধর্মীয় নেতাদের জন্য সম্মানি ও প্রশিক্ষণভিত্তিক কল্যাণ ব্যবস্থা চালুর প্রতিশ্রুতি দিয়েছিল। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের পর ধাপে ধাপে এসব প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, ঈদুল ফিতরের আগেই পরীক্ষামূলকভাবে (পাইলট স্কিম) এ ভাতা চালু করা হবে। প্রাথমিক পর্যায়ে প্রতিটি ইউনিয়ন ও পৌরসভা থেকে একটি করে মোট ৪ হাজার ৯০৮টি মসজিদ নির্বাচন করা হয়েছে। এছাড়া অন্যান্য উপাসনালয়ের মধ্যে প্রতিটি উপজেলা থেকে দুটি করে মোট ৯৯০টি মন্দির, ৭২টি উপজেলায় অবস্থিত বৌদ্ধবিহার থেকে দুটি করে মোট ১৪৪টি বৌদ্ধ বিহার এবং ১৯৮টি উপজেলায় অবস্থিত গির্জা থেকে দুটি করে মোট ৩৯৬টি গির্জা নির্বাচন করা হয়েছে।
পাইলট প্রকল্পের আওতায় প্রতিটি মসজিদের ইমাম পাবেন ৫ হাজার টাকা, মুয়াজ্জিন ৩ হাজার টাকা এবং খাদেম ২ হাজার টাকা করে সম্মানী। প্রতি মসজিদের জন্য মাসিক মোট ১০ হাজার টাকা বরাদ্দ থাকবে।
অন্যদিকে, মন্দিরের পুরোহিত পাবেন ৫ হাজার টাকা এবং সেবায়েত ৩ হাজার টাকা। বৌদ্ধ বিহারের অধ্যক্ষ পাবেন ৫ হাজার টাকা ও উপাধ্যক্ষ ৩ হাজার টাকা। গির্জার যাজক পাবেন ৫ হাজার টাকা এবং সহকারী যাজক ৩ হাজার টাকা করে সম্মানী পাবেন। প্রতিটি মন্দির, বৌদ্ধ বিহার ও গির্জার জন্য মাসিক ৮ হাজার টাকা বরাদ্দ থাকবে।
প্রতিবছর ঈদুল ফিতর ও ঈদুল আজহায় ইমাম ও মুয়াজ্জিনদের ১ হাজার টাকা করে উৎসব ভাতা দেওয়া হবে। দুর্গাপূজা, বুদ্ধপূর্ণিমা ও বড়দিন উপলক্ষে সংশ্লিষ্ট পুরোহিত, সেবায়েত, বিহার অধ্যক্ষ, উপাধ্যক্ষ, যাজক ও সহকারী যাজকদের ২হাজার টাকা করে উৎসব ভাতা দেওয়া হবে।
সরকারি হিসাবে, এ কর্মসূচি বাস্তবায়নে চলতি অর্থবছরে প্রায় ২৭ কোটি ১৩ লাখ টাকা প্রয়োজন হবে। আগামী ১৫ মার্চের মধ্যে নির্বাচিত সুবিধাভোগীদের ব্যাংক হিসাবের মাধ্যমে সোনালী ব্যাংক থেকে সম্মানির অর্থ পাঠানো হবে।
উপদেষ্টা আরো জানান, কোনো ধরনের অনিয়ম এড়াতে ভাতার অর্থ সরাসরি সুবিধাভোগীদের ব্যাংক হিসাবেই পাঠানো হবে। হাতে হাতে অর্থ দেওয়া হবে না।
ঢাকা/আলী/রফিক