চলতি বছরেই বিএনপির সম্মেলন: মির্জা ফখরুল
বুধবার রাতে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
চলতি বছরের মধ্যেই বিএনপির সম্মেলন হবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার ( ১৮ মার্চ) রাতে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
বিএনপির মহাসচিব বলেন, “বিএনপির সম্মেলন এই বছরের মধ্যেই হবে। এখনো আমরা সময় নির্ধারণ করিনি। তবে আমার মনে হয়, শিগগিরই কাউন্সিল অনুষ্ঠিত হবে।”
এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, “দলের কার্যক্রম ছোটখাটোভাবে চলছে। এক মাসে সরকার গঠন করতে সময় লেগেছে। দলের বেশির ভাগ লোক সরকারে চলে গেছেন। সেই জায়গাগুলো পূরণ করতে সময় লাগবে। এটা বিচ্ছিন্ন ঘটনা নয়। সরকার তার কাজ করবে, দল তার কাজ করবে।”
মহাসচিব সভায় দেশের রাজনৈতিক অবস্থা, জাতীয় সংসদের কার্যক্রম, স্থানীয় সরকার নির্বাচন, সরকারি সফলতা, শিক্ষা প্রতিষ্ঠানে উপাচার্য নিয়োগ ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
নতুন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর দায়িত্বে থাকা মির্জা ফখরুলের জন্য এটি মন্ত্রী হিসেবে প্রথম মতবিনিময় সভা।
বিএনপির সর্বশেষ সম্মেলন হয়েছিল ২০১৬ সালে।
ঢাকা/আলী/ইভা