ঝুঁকি নিয়ে লঞ্চের ছাদে বাড়ি ফিরছে মানুষ
অনেক ঝুঁকি নিয়ে লঞ্চের ছাদে বাড়ি যাচ্ছেন। ছবি: রাইজিংবিডি
ঈদকে সামনে রেখে সদরঘাট লঞ্চ টার্মিনালে ঘরমুখো মানুষের ঢল মেনেছে। অনেক যাত্রী লঞ্চের কেবিন বা ডেকের টিকিট না পেয়ে ঝুঁকি নিয়ে লঞ্চের ছাদে করে বাড়ি যাচ্ছেন।
বুধবার (১৮ মার্চ) দুপুরে সদরঘাট লঞ্চ টার্মিনালে গিয়ে দেখা যায়, ঢাকা থেকে বরিশাল, ভোলা, পটুয়াখালী ও চাঁদপুরগামী প্রায় প্রতিটি লঞ্চের কেবিন বা ডেকের টিকিট না পেয়ে ছাদে অবস্থান নিয়েছেন যাত্রীরা।
ভোলাগামী দোয়েল পাখি-৮ লঞ্চের যাত্রী পোশাক শ্রমিক মো. রুস্তম আলী রাইজিংবিডি ডটকমকে বলেন, “আমি গাজীপুর থেকে গাড়িতে আসছি। গুলিস্তানের পর থেকে রাস্তায় অনেক যানজট পেয়েছি। লঞ্চের কোথাও সিট পাইনি। তাই বাধ্য হয়ে ছাদে যাচ্ছি। কিছু করার নেই। কারণ ঈদ করতে বাড়ি যাওয়া লাগবে।”
চাঁদপুরগামী সোনার তরী-১ লঞ্চের যাত্রী সোরহাব হোসেন বলেন, “লঞ্চের নিচে মানুষের যে ভিড়, সেখানে বাচ্চাকাচ্চা নিয়ে দম বন্ধ হয়ে আসছিল। তাই একটু বাতাসের আশায় ছাদে উঠে এলাম। এখানে বসার জায়গা পাওয়াও এখন ভাগ্যের ব্যাপার। প্রশাসন মানা করছে জানি, কিন্তু আমাদের তো আর উপায় নেই তাই বাধ্য হয়ে লঞ্চের ছাদে উঠে বাড়ি যাচ্ছি।”
দোয়েল পাখি ১০ লঞ্চের কেবিন বুকিং ব্যবস্থাপক মো. মনির হোসেন বলেন, “ঈদের এই সময়ে যাত্রীদের চাপ সাধারণত বেশি থাকে। আজকে আমাদের ফাস্ট ট্রিপে ভালো যাত্রী হয়েছে। আমরা ছাদে ভ্রমণের নিষেধ করছি। তারপরও কিছু মানুষ ছাদে গিয়েছে।”
ঢাকা/রায়হান/ইভা