ঢাকা     বুধবার   ১৮ মার্চ ২০২৬ ||  চৈত্র ৫ ১৪৩২ || ২৮ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত, কয়েক জেলার সঙ্গে ঢাকার ট্রেন বন্ধ

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৯, ১৮ মার্চ ২০২৬   আপডেট: ১৬:৩৬, ১৮ মার্চ ২০২৬
নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত, কয়েক জেলার সঙ্গে ঢাকার ট্রেন বন্ধ

বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৮টি বগি লাইনচ্যুত হয়েছে।

বগুড়ার আদমদী‌ঘি উপ‌জেলার ছা‌তিয়ান গ্রাম এলাকায় নীলসাগর এক্সপ্রেস ট্রেনের আটটি ব‌গি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের কয়েক জেলার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বুধবার (১৮ মার্চ) দুপুর সোয়া ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

সান্তাহার রেলওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান জানান, ঢাকা থে‌কে ছে‌ড়ে আসা চিলাহা‌টিগামী নীলসাগর ট্রেনটি দুপুর ২টার দিকে সান্তাহার স্টেশনে স্বল্প সময়ের জন্য যাত্রাবিরতি করে। স্টেশন ত্যাগ করার কিছুক্ষণের মধ্যে আট‌টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে।

তিনি আরো জানান, ট্রেনের ছাদে অতিরিক্ত যাত্রী থাকায় লাইনচ্যুত হওয়ার সময় অনেকে ছিটকে পড়ে আহত হয়েছেন। কোনো যাত্রী মারা গে‌ছেন, এখন পর্যন্ত এরকম তথ্য তারা পাননি। দুর্ঘটনার পরপরই উদ্ধার কাজ শুরু হয়েছে এবং লাইনচ্যুত বগিগুলো সরানোর চেষ্টা চলছে বলে জানান তিনি।

সান্তাহার রে‌লস্টেশ‌নের স্টেশন মাস্টার খাদিজা খাতুন জানান, লাইনচ্যুত হওয়া ব‌গিগু‌লো উদ্ধা‌রে ইতো‌ম‌ধ্যে পাবনার ঈশ্বরদী ও দিনাজপু‌রের পার্বতীপুর থে‌কে দু‌টি উদ্ধারকারী যাত্রা করেছে।

বগুড়া রেলও‌য়ে স্টেশ‌নের স্টেশর মাস্টার সাজেদু‌র রহমান সাজু জানান, ট্রেন চলাচল স্বাভা‌বিক হ‌তে ১০ থে‌কে ১২ ঘণ্টার ম‌তো সময় লাগ‌তে পা‌রে।

ঢাকা/এনাম/ইভা/বকুল 

সর্বশেষ

পাঠকপ্রিয়