ব্রাজিলের দল ঘোষণা: নেইমার বাদ, দলে নতুন মুখ এন্ড্রিক
বিশ্বকাপের আগে গুরুত্বপূর্ণ সময়ে আবারও ব্রাজিল জাতীয় দল থেকে বাদ পড়লেন নেইমার। মার্চে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য দুটি প্রীতি ম্যাচের দলে তাকে রাখেননি কোচ কার্লো আনচেলত্তি। ফলে বিশ্বকাপে খেলার তার সম্ভাবনা আরও অনিশ্চিত হয়ে উঠেছে।
২৬ মার্চ বোস্টনে ফ্রান্সের বিপক্ষে এবং ৩১ মার্চ অরল্যান্ডোতে ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিল। এই দুটি ম্যাচই বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি, কারণ ১৮ মে ঘোষণা করা হবে চূড়ান্ত স্কোয়াড।
দল ঘোষণার পর সাও পাওলোতে এক অনুষ্ঠানে নেইমার জানান, দলে জায়গা না পেয়ে তিনি “হতাশ ও ব্যাথিত”।
তিনি বলেন, “আমি প্রতিদিন অনুশীলন করছি, ম্যাচ খেলছি। লক্ষ্য একই আছে। এখনো চূড়ান্ত দল ঘোষণা বাকি।”
৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোলদাতা, তার গোল সংখ্যা ৭৯। তবে ২০২৩ সালের অক্টোবরে হাঁটুর গুরুতর চোটের পর আর জাতীয় দলের হয়ে খেলেননি তিনি।
সম্প্রতি করিন্থিয়ানসের বিপক্ষে ১-১ ড্র ম্যাচে ৯০ মিনিট খেললেও নিজেকে খুব একটা প্রমাণ করতে পারেননি।
আনচেলত্তি জানিয়েছেন, নেইমার এখনো পুরোপুরি ফিট নন। তার ভাষায়, “নেইমার এখনো ১০০ শতাংশ ফিট না, তাই তাকে দলে রাখা হয়নি। যদি সে পুরোপুরি ফিট হয়, তাহলে অবশ্যই তার সুযোগ আছে। তাকে নিয়মিত খেলতে হবে, ফিট থাকতে হবে।”
এই দলে সবচেয়ে আলোচিত নাম এন্ড্রিক। লিওনে যোগ দেওয়ার পর ১২ ম্যাচে ৬ গোল করে নজর কাড়েন তিনি। আনচেলত্তির অধীনে প্রথমবারের মতো দলে জায়গা পেয়েছেন এই তরুণ ফরোয়ার্ড। এছাড়া ব্রেন্টফোর্ডের ইগর থিয়াগোও প্রথমবার ডাক পেয়েছেন।
দলের আক্রমণভাগে নেতৃত্ব দিচ্ছেন রাফিনিয়া ও ভিনিসিয়ুস জুনিয়র। এছাড়া দলে আছেন জোয়াও পেদ্রো, ম্যাথিউস কুনহা এবং গ্যাব্রিয়েল মার্টিনেল্লির মতো খেলোয়াড়রা। মিডফিল্ডে অভিজ্ঞ ক্যাসেমিরো দলে ফিরলেও লুকাস পাকেতা জায়গা পাননি। আনচেলত্তি জানিয়েছেন, দল এখন বিশ্বকাপের জন্য পূর্ণ প্রস্তুতি নিচ্ছে।
তিনি বলেন, “আমরা চাই প্রযুক্তিগত, শারীরিক এবং মানসিকভাবে সেরা অবস্থায় বিশ্বকাপে যেতে। যারা ভালো খেলছে, তাদেরই সুযোগ দেওয়া হয়েছে।”
এছাড়া ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিল দলের কোচ হিসেবে দায়িত্ব বাড়ানোর কথাও জানিয়েছেন তিনি।
বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচ ১৩ জুন মরক্কোর বিপক্ষে। গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ স্কটল্যান্ড ও হাইতিও।
গোলরক্ষক: অ্যালিসন, বেন্তো, এদেরসন।
ডিফেন্ডার: অ্যালেক্স সান্দ্রো, ব্রেমার, দানিলো, ডগলাস সান্তোস, গ্যাব্রিয়েল মাগালাইয়েস, ইবানিয়েজ, লিও পেরেইরা, মার্কিনিয়োস ও ওয়েসলি।
মিডফিল্ডার: আন্দ্রেই সান্তোস, কাসেমিরো, দানিলো, ফাবিনিয়ো ও গ্যাব্রিয়েল সারা।
ফরোয়ার্ড: এন্ড্রিক, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, ইগর থিয়াগো, লুইজ হেনরিকে, মাতেউস কুনিয়া, রাফিনিয়া, রায়ান, ভিনিসিয়ুস জুনিয়র ও জোয়াও পেদ্রো।
ঢাকা/আমিনুল