ঢাকা     মঙ্গলবার   ১৪ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১ ১৪৩৩ || ২৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বিশ্বকাপের পথে নতুন আশা: নেইমারের জন্য দরজা খোলা রাখলেন কোচ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৪, ১৩ এপ্রিল ২০২৬   আপডেট: ২২:৫১, ১৩ এপ্রিল ২০২৬
বিশ্বকাপের পথে নতুন আশা: নেইমারের জন্য দরজা খোলা রাখলেন কোচ

ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমারের জন্য আবারও আশার আলো জ্বলল বিশ্বকাপ স্বপ্নে। জাতীয় দলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি স্পষ্ট জানিয়ে দিয়েছেন দল নির্বাচনের দরজা এখনো খোলা। আর সুযোগ থাকছে অভিজ্ঞ এই তারকার জন্যও।

দীর্ঘ সময় ধরে ইনজুরিতে ভুগে মাঠের বাইরে থাকা নেইমারকে নিয়ে সংশয় থাকলেও আনচেলত্তি বিশ্বাস রাখছেন তার ফিটনেস ফিরে পাওয়ার সামর্থ্যে। কোচের ভাষায়, সামনে এখনো ২ মাস সময় রয়েছে। এই সময়েই নিজেকে প্রমাণ করতে হবে ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাকে।

আরো পড়ুন:

৩৪ বছর বয়সী নেইমার লক্ষ্য স্থির করেছেন নিজের চতুর্থ বিশ্বকাপে খেলার। জাতীয় দলের হয়ে ৭৯ গোল করা এই তারকা জুনে নতুন কোচ দায়িত্ব নেওয়ার পর থেকে স্কোয়াডের বাইরে থাকলেও তাকে পুরোপুরি বাদ দেওয়ার চিন্তা করছেন না আনচেলত্তি।

কোচ স্পষ্ট করে দিয়েছেন শুধু তারাই সুযোগ পাবেন, যারা পুরোপুরি ফিট এবং ম্যাচ খেলার জন্য প্রস্তুত।

তবু নেইমারের প্রতি সমর্থন কমেনি ভক্তদের। সম্প্রতি ফ্রান্সের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হারের পরও গ্যালারিতে তার নাম ধ্বনিত হয়েছে। যা প্রমাণ করে, এই তারকার প্রতি আস্থা এখনো অটুট।

গত ২২ ডিসেম্বর বাঁ হাঁটুতে অস্ত্রোপচার করান নেইমার। এরপর সাম্প্রতিক বিরতিতেও আরও একটি চিকিৎসা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে। তবে সব মিলিয়ে পুনর্বাসনের অগ্রগতি ইতিবাচক বলেই জানিয়েছেন কোচ।

আনচেলত্তির মতে, নেইমার এখন গোল পাচ্ছেন, ধীরে ধীরে ছন্দে ফিরছেন। যা তার বিশ্বকাপ দলে ফেরার সম্ভাবনাকে জোরালো করছে।

নিজ ক্লাব সান্তোসের হয়ে সাম্প্রতিক ম্যাচে পুরো ৯০ মিনিট খেলেছেন নেইমার। যদিও এর আগে টানা ২ ম্যাচ মিস করেছিলেন। তবে মাঠে ফেরার পর তার পারফরম্যান্সে উন্নতির ছাপ স্পষ্ট।

দলের কোচ কুকা জানিয়েছেন, নেইমার প্রতিদিন উন্নতি করছেন, অনুশীলনে বাড়তি সময় দিচ্ছেন এবং বলের ওপর তার নিয়ন্ত্রণ আগের চেয়ে অনেক ভালো হয়েছে। তবে এখনো পুরো ম্যাচ খেলানো কিছুটা ঝুঁকিপূর্ণ বলেই মনে করছেন তিনি।

সবকিছু মিলিয়ে এখন নেইমারের সামনে বড় চ্যালেঞ্জ- নিজেকে পুরোপুরি ফিট করে তোলা এবং প্রমাণ করা যে তিনি এখনো ব্রাজিলের হয়ে বড় মঞ্চে পার্থক্য গড়ে দিতে পারেন। সময়ের কাঁটা দ্রুত এগোচ্ছে, কিন্তু স্বপ্ন এখনো বেঁচে আছে। আর সেই স্বপ্নের নাম বিশ্বকাপ।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়