‘নিজের জানাজায় ছিলাম যেন’- ২০২২ বিশ্বকাপ নিয়ে নেইমারের আবেগঘন স্বীকারোক্তি
বিশ্বকাপের সেই দুঃসহ স্মৃতি এখনও তাড়া করে বেড়ায় নেইমারকে। ২০২২ সালের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হারের অভিজ্ঞতা তিনি বর্ণনা করলেন এক গভীর আবেগে। যেন নিজেরই জানাজায় উপস্থিত ছিলেন।
সেই ম্যাচে অতিরিক্ত সময়ে গোল করে ব্রাজিলকে ১-০ ব্যবধানে এগিয়ে দিয়েছিলেন নেইমার। কিন্তু শেষ মুহূর্তে সমতা ফেরায় ক্রোয়েশিয়া। পরে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হেরে বিদায় নিতে হয় ব্রাজিলকে।
সতীর্থ খেলোয়াড়দের সঙ্গে আলাপচারিতায় নেইমার বলেন, “আমি সবসময় পঞ্চম পেনাল্টি নিতে পছন্দ করি। সেটাই সবচেয়ে কঠিন। কিন্তু অনেক সময় সেই সুযোগটাই আসে না।”
নিজের অনুভূতি ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, “মনে হয়েছিল আমি মরে গেছি। হোটেলে ফেরার পর মনে হচ্ছিল পৃথিবী শেষ হয়ে গেছে। সবাই একে একে আসছিল। কারও চোখে পানি। কেউ কিছু বলছে না। ঠিক যেন আমার জানাজা চলছে।”
তিনি আরও যোগ করেন, “আমি একটা ছোট রুমে বসে ছিলাম, সবাই আসছিল, পরিবারের লোকজনও। মনে হচ্ছিল আমি কফিনের ভেতরে আছি, আর সবাই বলছে- ‘তুমি এখনও বেঁচে আছ?’ এমনই অনুভূতি ছিল।”
৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড এখনও ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা- ৭৯ গোল তার ঝুলিতে। তবে ২০২৩ সালের অক্টোবরে হাঁটুর গুরুতর চোটে পড়ার পর থেকে জাতীয় দলের হয়ে আর মাঠে নামেননি তিনি।
এখন তার লক্ষ্য একটাই- আসন্ন বিশ্বকাপে আবারও ব্রাজিলের জার্সিতে মাঠে নামা এবং অপূর্ণ স্বপ্ন পূরণ করা।
২০০২ সালের পর থেকে বিশ্বকাপ জিততে পারেনি পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। আর নেইমারের জন্য সেই শিরোপা জয়ের স্বপ্ন এখনও অপূর্ণই রয়ে গেছে। যা হয়তো আগামী বিশ্বকাপেই পূরণ করতে চান এই তারকা ফুটবলার।
ঢাকা/আমিনুল
গভর্নর পদের ৬৭ বছরের বয়সসীমা তুলে দিয়ে বিল পাস