লেজার ভিশনের বৈচিত্র্যময় ঈদ আয়োজন
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতি বছরের মতো এবারও বিশেষ আয়োজন নিয়ে হাজির হচ্ছে লেজার ভিশন। গান, নাটক ও একটি চলচ্চিত্র নিয়ে সাজানো হয়েছে ঈদ প্যাকেজ।
এ আয়োজনে থাকছে একাধিক নতুন গান। এর মধ্যে ‘তোমারই টানে’, ‘অভিনয়’, ‘কাছাকাছি’, ‘একি প্রেম’ ও ‘বড় ভালোবাসি’ উল্লেখযোগ্য। পাশাপাশি ভিন্নধর্মী ‘ফিলিংসগুলো কবর দিছি’ গানটি দুটি সংস্করণে প্রকাশ পাচ্ছে, যা দর্শক-শ্রোতাদের জন্য বাড়তি আকর্ষণ তৈরি করবে।
নাটকের তালিকায় রয়েছে ‘এই শহরে’ ও ‘বায়ান্ন পাতার প্রেম’। দুই নাটকেই জনপ্রিয় অভিনয়শিল্পীদের অংশগ্রহণ রয়েছে, যা দর্শকদের জন্য ভিন্ন স্বাদের গল্প নিয়ে আসবে।
ঈদ উপলক্ষে ‘তুখোড়’ শিরোনামের একটি চলচ্চিত্র মুক্তির পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি। নতুন মুখ ও পরিচিত শিল্পীদের সমন্বয়ে নির্মিত এই সিনেমা অ্যাকশন-ড্রামা ঘরানার।
সব মিলিয়ে, সীমিত আয়োজন হলেও মানসম্মত কনটেন্ট দিয়ে ঈদুল ফিতরে দর্শক-শ্রোতাদের ভিন্নধর্মী বিনোদনের প্রতিশ্রুতি দিচ্ছে লেজার ভিশন।
ঢাকা/রাহাত/শান্ত