ইতিহাসে প্রথমবারের মতো সবচেয়ে দামি মধ্যপ্রাচ্যের তেল
তেলবাহী ট্যাঙ্কার
মধ্যপ্রাচ্যের তেলের দাম ইতিহাসে প্রথমবারের মতো ব্যারেল প্রতি ১৫৩ ডলার ছাড়িয়ে গেছে, যা ২০০৮ সালের রেকর্ডকে ভেঙে দিয়েছে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবে সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ায় মধ্যপ্রাচ্যের তেল এখন বিশ্বের সবচেয়ে দামি তেলে পরিণত হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিঙ্গাপুরের সংবাদমাধ্যম বিজনেস টাইমস।
প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যের অপরিশোধিত তেলের বেঞ্চমার্কগুলো (মানদণ্ড) ইতিহাসের সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে, যা একে বিশ্বের সবচেয়ে দামি তেলে পরিণত করেছে। যদিও যুদ্ধ পরিস্থিতির কারণে এই অঞ্চলের তেল বাণিজ্য স্থবির হয়ে পড়েছে।
এসঅ্যান্ডপি গ্লোবাল প্ল্যাটস-এর বরাতে রয়টার্স জানায়, সোমবার (১৬ মার্চ) মে মাসে সরবরাহের জন্য নির্ধারিত ‘ক্যাশ দুবাই’ তেলের মূল্য রেকর্ড ১৫৩.২৫ ডলার প্রতি ব্যারেল নির্ধারণ করা হয়েছে। এটি ২০০৮ সালে ব্রেন্ট ফিউচার্সের সর্বোচ্চ রেকর্ড ১৪৭.৫০ ডলারকেও ছাড়িয়ে গেছে। একই সময়ে ওমান ক্রুড ফিউচার্সের দামও রেকর্ড ১৪৭.৭৯ ডলারে পৌঁছেছে।
এশিয়ার শোধনাগারগুলোর জন্য নির্ধারিত লাখ লাখ ব্যারেল তেলের দাম নির্ধারণে এই বেঞ্চমার্কগুলো ব্যবহৃত হয়। দামের এই আকস্মিক উল্লম্ফন এশীয় দেশগুলোর খরচ বহুগুণ বাড়িয়ে দিয়েছে, যার ফলে তারা বিকল্প উৎস খুঁজতে অথবা আগামী মাসগুলোতে তেল উৎপাদন আরও কমিয়ে দিতে বাধ্য হচ্ছে।
হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় এশিয়ায় মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি ব্যাপকহারে কমেছে।
রয়টার্সের তথ্যমতে, এশিয়ায় মধ্যপ্রাচ্যের অপরিশোধিত তেল রপ্তানি এই মাসে প্রতিদিন ১১.৬৬৫ মিলিয়ন ব্যারেলে নেমে এসেছে। অথচ যুদ্ধ শুরু হওয়ার আগে গত ফেব্রুয়ারিতে এই রপ্তানি ছিল প্রতিদিন প্রায় ১৯ মিলিয়ন ব্যারেল। অর্থাৎ, এই রপ্তানি ২০২৫ সালের মার্চের তুলনায় প্রায় ৩২ শতাংশ কমে গেছে।
মধ্যপ্রাচ্যে সংকট চলায় এশীয় শোধনাগারগুলো এখন আমেরিকা এবং আফ্রিকার তেলের দিকে ঝুঁকছে। এর ফলে সেসব অঞ্চলের তেলের দামও বাড়ছে।
ব্রাজিলিয়ান তেলের প্রিমিয়াম আইসিই ব্রেন্টের তুলনায় রেকর্ড ১২ থেকে ১৫ ডলারে পৌঁছেছে। এছাড়া এপ্রিলের জন্য নির্ধারিত পশ্চিম আফ্রিকা অঞ্চলের অধিকাংশ তেল ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে এবং ব্যারেল প্রতি প্রিমিয়াম ১ ডলার পর্যন্ত বেড়েছে।
ঢাকা/ফিরোজ