শেষ কর্মদিবসেও সচিবালয়ে কর্মচাঞ্চল্য
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
পবিত্র ঈদুল ফিতরের আগে সোমবার (১৬ মার্চ) ছিল সরকারি অফিসের শেষ কর্মদিবস। এদিন প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি প্রায় স্বাভাবিক দেখা গেছে। তবে, কেউ কেউ হাজিরা দেওয়ার পরই গ্রামে ফেরার তাড়ায় বাস ও রেলস্টেশনের পথে রওনা হয়েছেন।
সকাল থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয় ঘুরে দেখা যায়, কর্মকর্তা-কর্মচারীরা নিয়মিতভাবেই অফিস করছেন। তবে কয়েকটি মন্ত্রণালয়ে কিছু প্রশাসনিক কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তার আসন ফাঁকা ছিল।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রশাসনিক কর্মকর্তাকে হাজিরা দেওয়ার পর দুপুরের দিকে সচিবালয় ত্যাগ করতে দেখা যায়।
শেষ কর্মদিবস হওয়ায় অনেক কর্মকর্তা-কর্মচারী একে অপরের সঙ্গে ঈদের অগ্রিম শুভেচ্ছা বিনিময় করেন। কেউ কেউ ছুটি না নিয়েও হাজিরা দিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুমতি নিয়ে অফিস ছাড়ছেন। বিশেষ করে যাদের বাড়ি দূর-দূরান্তে, তারা বাড়তি সময়ের সুবিধা পেতে আজই ঢাকা ছাড়ছেন বলে জানা গেছে।
মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন ও বিধি অনুবিভাগ) মোহাম্মদ শামীম সোহেল বলেন, “অন্যান্য দিনের মতোই আজও কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি প্রায় স্বাভাবিক। এদিন আলাদা করে কাউকে ছুটি দেওয়া হয়নি।”
সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ থাকায় ১ ও ২ নম্বর গেটের মধ্যবর্তী অভ্যর্থনা কক্ষ এবং ভেতরের চলাচল কিছুটা কম দেখা গেছে। ৬ ও ৭ নম্বর ভবনের সামনে লিফটগুলোতেও ভিড় তুলনামূলক কম ছিল। তবে গাড়ি রাখার স্থানগুলো অন্যান্য দিনের মতোই গাড়িতে পূর্ণ ছিল।
এদিকে, লিফট চালকদের অনেককে কর্মকর্তাদের কাছ থেকে ঈদের বকশিশ নেওয়ার চেষ্টা করতে দেখা গেছে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ বা ২১ মার্চ দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২১ মার্চ ঈদের দিন সাধারণ ছুটি। এর আগে ১৯ ও ২০ মার্চ এবং পরে ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে ছুটি নির্ধারিত ছিল। ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য আগে থেকেই ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত পাঁচ দিনের ছুটি নিশ্চিত ছিল। তবে, ১৭ মার্চ শবে কদরের ছুটির পর মাঝখানে ১৮ মার্চ অফিস খোলা থাকায় টানা ছুটির দাবি ওঠে। পরবর্তীতে মন্ত্রিসভা বৈঠকে ১৮ মার্চও নির্বাহী আদেশে ছুটি দেওয়ার প্রস্তাব অনুমোদন করা হয়। এরপর জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে ওই দিন ছুটি ঘোষণা করে। এর ফলে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
ঢাকা/এএএম/জান্নাত