যেসব এলাকায় সীমিত পরিসরে ব্যাংক খোলা
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
পবিত্র ঈদুল ফিতরের ছুটির মধ্যেও দেশের বিভিন্ন সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকায় আজ সীমিত পরিসরে ব্যাংক খোলা থাকবে।
এর আগেই বাংলাদেশ ব্যাংক সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত পৃথক দুটি নির্দেশনা জারি করে।
নির্দেশনায় বলা হয়েছে, আমদানি-রপ্তানিসংক্রান্ত কার্যক্রম সচল রাখতে ঈদের দিন ছাড়া ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনেও সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় প্রয়োজন অনুসারে ব্যাংকের শাখা, উপশাখা ও বুথ সীমিত পরিসরে খোলা রাখতে হবে।
এছাড়া আগামী ১৮ ও ১৯ মার্চ শিল্প এলাকায় বিশেষ শাখাগুলো সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত খোলা থাকবে। এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। তবে গ্রাহকদের সঙ্গে লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।
নির্দেশনায় আরো বলা হয়েছে, ঈদের আগে তৈরি পোশাক শিল্প খাতে নিয়োজিত শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতাদি পরিশোধের সুবিধার্থে এবং রপ্তানি বিল ক্রয়ের লক্ষ্যে কেবল ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত পোশাক শিল্পের লেনদেন সংশ্লিষ্ট এলাকার বাণিজ্যিক ব্যাংকগুলোর শাখাগুলো পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে আগামী ১৮ ও ১৯ যথাক্রমে বুধ ও বৃহস্পতিবার সীমিত সংখ্যক লোকবলের মাধ্যমে সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে। তবে ১৭ এবং ২০ থেকে ২৩ মার্চ পর্যন্ত গ্রাহকদের সঙ্গে লেনদেনের সময় সংশ্লিষ্ট ব্যাংকগুলো নির্ধারণ করবে।
ঢাকা/নাজমুল/ইভা