ঢাকা     বুধবার   ১৮ মার্চ ২০২৬ ||  চৈত্র ৫ ১৪৩২ || ২৮ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

পাটুরিয়ায় বেড়েছে যানবাহনের চাপ, তবুও স্বস্তি 

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫১, ১৮ মার্চ ২০২৬   আপডেট: ১৪:৫২, ১৮ মার্চ ২০২৬
পাটুরিয়ায় বেড়েছে যানবাহনের চাপ, তবুও স্বস্তি 

যাত্রী নিয়ে পাটুরিয়া থেকে দৌলতদিয়া ঘাটে যাচ্ছে একটি ফেরি।

ঈদযাত্রায় গন্তব্যে ছুটছে মানুষ। ঢাকা-আরিচা মহাসড়ক হয়ে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট দিয়ে ২১ জেলার মানুষের যাতায়াত করছেন। ঈদযাত্রায় এই নৌরুটে যানবাহনের চাপ বাড়লেও স্বস্তি নিয়ে পার হচ্ছেন যাত্রীরা। 

বুধবার (১৮ মার্চ) সকাল ৯ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পাটুরিয়া ঘাট এলাকা ঘুরে দেখা গেছে, তিনটি ঘাট দিয়ে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৭টি ফেরি চলাচল করছে। সকাল থেকে যানবাহনের সিরিয়াল আরসিএল মোড় পর্যন্ত থাকলেও কোনো ভোগান্তি নেই। পর্যাপ্ত ফেরি থাকায় যানবাহন পারাপারে কোনো সমস্যা হচ্ছে না। 

আরো পড়ুন:

লালন পরিবহনের চালক লিয়াকত হোসেন বলেন, “ফেরি পেতে স্বাভাবিক সময়ের চেয়ে ১৫-২০ মিনিট বেশি লাগছে। সেই হিসেবে ঈদযাত্রায় এটি কোনো ভোগান্তিই না। এক সময় ফেরি পেতে এই ঘাটে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হতো।” 

কুষ্টিয়াগামী যাত্রী রোকসানা বেগম বলেন, “সাভার থেকে রওনা দিয়ে পাটুরিয়া ঘাটে আসছি। যানবাহনের চাপ বাড়লেও আগের মতো ভোগান্তি নেই। পরিবার পরিজন নিয়ে স্বস্তিতে ঈদ করতে বাড়ি যাচ্ছি।” 

পাটুরিয়া লঞ্চ ঘাটের ব্যবস্থাপক পান্না লাল নন্দী বলেন, “পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যাত্রী পারাপারে ২২টি লঞ্চ চলাচল করছে। সকাল থেকে যাত্রীদের ভীড় বাড়লেও ভোগান্তি নেই, স্বস্তিতে সবাই নদী পার হচ্ছেন।” 

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক সালাম হোসেন বলেন, “ঈদযাত্রায় এই নৌরুটে যানবাহন ও যাত্রীদের ভীড় বাড়লেও তেমন ভোগান্তি নেই। এ নৌরুটে ১৭টি ফেরি চলাচল করছে। যানবাহনগুলো সিরিয়ালে পারাপার করা হচ্ছে।” 
 

ঢাকা/চন্দন/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়