সময়মতো ট্রেন ছাড়ছে কমলাপুর থেকে
কমলাপুর থেকে নির্দিষ্ট সময়ে ছেড়ে যাচ্ছে ট্রেন। ছবি: রাইজিংবিডি
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক রাখতে নির্ধারিত সময়সূচি অনুযায়ী ট্রেন চলাচল করছে। এখন পর্যন্ত কোনো সিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটেনি।
বুধবার(১৮ মার্চ) সকাল ১০টা ৩০ মিনিট পর্যন্ত কমলাপুর স্টেশন থেকে মোট ২২টি ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে। সারাদিনে আন্তঃনগর ও লোকাল মিলে ৬০টি ট্রেন চলাচল করবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
রেলওয়ে তথ্যকেন্দ্র সূত্রে জানা যায়, ঈদযাত্রা উপলক্ষে প্রতিদিন কমলাপুর স্টেশন থেকে শুধু আন্তঃনগর ৪৪টি ট্রেন ছেড়ে যাবে। এসব ট্রেনে করে দৈনিক প্রায় ৬২ হাজার যাত্রী দেশের বিভিন্ন জেলায় যাতায়াত করবেন।
যাত্রীচাপ সামাল দিতে ঈদকে কেন্দ্র করে বাড়তি ৫ জোড়া বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে ৩ জোড়া ট্রেন চলাচল শুরু করেছে এবং বাকি ২ জোড়া ট্রেন ঈদের দিন থেকে চলবে।
সকাল থেকে ছেড়ে যাওয়া ট্রেনগুলোর মধ্যে লোকাল ট্রেন হিসেবে রয়েছে বলাকা, দেওয়ানগঞ্জ, মহুয়া, কর্ণফুলী ও তিতাস। এছাড়া, আন্তঃনগর ট্রেনের মধ্যে রয়েছে ধূমকেতু, পর্যটক, পারাবত, নীলসাগর, সোনার বাংলা, সিন্দুর, তিস্তা, মহানগর প্রভাতী, সুন্দরবন, জামালপুর এক্সপ্রেস ও একতা এক্সপ্রেস।
কমলাপুর রেলস্টেশনের স্টেশন ম্যানেজার সাজেদুল ইসলাম রাইজিংবিডি ডটকমকে বলেন, “ঈদযাত্রাকে নির্বিঘ্ন রাখতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ট্রেনগুলো নির্ধারিত সময়েই ছেড়ে যাচ্ছে এবং এখন পর্যন্ত কোনো বড় ধরনের সমস্যা দেখা যায়নি।”
ঢাকা/এমএসবি/ইভা