ঢাকা     বুধবার   ১৮ মার্চ ২০২৬ ||  চৈত্র ৫ ১৪৩২ || ২৮ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কমলাপুরে ঘরমুখো মানুষের ঢল

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৩, ১৮ মার্চ ২০২৬   আপডেট: ১২:৩৬, ১৮ মার্চ ২০২৬
কমলাপুরে ঘরমুখো মানুষের ঢল

বুধবার সকাল থেকেই কমলাপুর রেলস্টেশনে দেখা গেছে ঘরমুখো যাত্রীদের ভিড়। ছবি: রাইজিংবিডি

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঈদযাত্রার দ্বিতীয় দিনে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ঘরমুখো মানুষের ঢল নেমেছে। প্রিয়জনের কাছে ফিরতে দেশের বিভিন্ন প্রান্তে ছুটছেন হাজারো মানুষ।

বুধবার (১৮ মার্চ) সকাল থেকেই স্টেশনজুড়ে দেখা গেছে ঘরমুখো যাত্রীদের ভিড়। সরকারি ছুটি চলমান থাকায় ভোর থেকেই প্ল্যাটফর্মগুলোতে থাকে যাত্রীদের দীর্ঘ সারি। কেউ আগেভাগেই এসে ট্রেনের অপেক্ষায় বসে আছেন, আবার কেউ নির্ধারিত সময়ের কাছাকাছি এসে ব্যস্ত হয়ে পড়ছেন নিজের কোচ খুঁজতে।

আরো পড়ুন:

স্টেশন ঘুরে দেখা যায়, যাত্রীদের হাতে বড় বড় ব্যাগ, কারও সঙ্গে শিশু সন্তান, আবার কেউ পরিবার-পরিজন নিয়ে ছুটছেন ট্রেন ধরতে। ছোট ছোট শিশুদের মুখে বাড়ি ফেরার উচ্ছ্বাস, আর বয়স্কদের চোখে স্বস্তির ছাপ—সব মিলিয়ে যেন এক উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে পুরো স্টেশনজুড়ে।

সিলেটগামী যাত্রী মোহন হোসেন বলেন, “সারা বছর কর্মব্যস্ততায় পরিবারকে সময় দেওয়া হয় না। ঈদ এলেই মনটা বাড়ির দিকে ছুটে যায়। আজ ভিড় একটু বেশি, তবে ট্রেন সময়মতো ছাড়ছে এটাই সবচেয়ে বড় স্বস্তি।”

রাজশাহীগামী যাত্রী সাজিয়া খাতুন বলেন, “বাচ্চাদের নিয়ে যাত্রা একটু কষ্টকর হলেও ট্রেনে তুলনামূলক স্বস্তি পাওয়া যায়। আজ স্টেশনে অনেক ভিড়, তবে ব্যবস্থাপনা খারাপ না।”

কমলাপুর রেলস্টেশন ম্যানেজার সাজেদুল ইসলাম বলেন, “ঈদযাত্রার দ্বিতীয় দিনে যাত্রীচাপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে আমরা সার্বক্ষণিক নজরদারি রাখছি যাতে ট্রেন চলাচল স্বাভাবিক থাকে। এখন পর্যন্ত নির্ধারিত সময় অনুযায়ী ট্রেন ছেড়ে যাচ্ছে।”

তিনি আরো বলেন, “যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে স্টেশনে অতিরিক্ত জনবল মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছেন, যাতে কোনো ধরনের ভোগান্তি না হয়।”

রেলওয়ে সূত্রে জানা গেছে, ঈদযাত্রা উপলক্ষে প্রতিদিন কমলাপুর স্টেশন থেকে শুধু আন্তঃনগর ৪৪টি ট্রেন ছেড়ে যাবে। এসব ট্রেনে করে দৈনিক প্রায় ৬২ হাজার যাত্রী দেশের বিভিন্ন জেলায় যাতায়াত করবেন। যাত্রীচাপ সামাল দিতে ঈদকে কেন্দ্র করে বাড়তি ৫ জোড়া বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে ৩ জোড়া ট্রেন চলাচল শুরু করেছে এবং বাকি ২ জোড়া ট্রেন ঈদের দিন থেকে চলবে।

ঢাকা/এমএসবি/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়