মহাখালীতে বাসের অপেক্ষায় দীর্ঘ লাইন, ভোগান্তিতে নারী-শিশুরা
মহাখালী বাস টার্মিনালে যাত্রীদের ভিড়। ছবি: রাইজিংবিডি
পবিত্র ঈদুল ফিতরের ছুটির দ্বিতীয় দিনেও রাজধানী ছাড়ার হিড়িক পড়েছে। বাস টার্মিনালগুলোতে সকাল থেকে ছিল যাত্রীদের ভিড়।
বুধবার (১৮ মার্চ) সকালে রাজধানীর মহাখালী বাস টার্মিনালে ময়মনসিংহগামী বাস কাউন্টারের সামনে যাত্রীদের টিকিটের জন্য দীর্ঘ লাইন সৃষ্টি হয়েছে। বাসের অপেক্ষায় ব্যাগ-লাগেজ নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে যাত্রীদের। নির্ধারিত সময়ে বাসগুলো ছাড়তে না পারায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
সরকারি ছুটির প্রথম দিন মঙ্গলবারের চেয়ে বুধবার (১৮ মার্চ) কাউন্টারগুলোতে যাত্রীদের চাপ বেশি বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
সরেজমিন ঘুরে ও পরিবহন কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার ভোর ৪টা থেকেই দূরপাল্লার বাস একের পর এক টার্মিনাল ছেড়ে যাচ্ছে। তবে এসি বাস নির্ধারিত সময়ের তুলনায় দেরিতে ছাড়ায় যাত্রীদের অপেক্ষা করতে হচ্ছে। বিশেষ করে ঢাকা থেকে ময়মনসিংহগামী ইউনাইটেড ট্রান্সপোর্টের কাউন্টারের সামনে নারী, শিশু ও বয়স্ক যাত্রীদের দীর্ঘ সময় দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা গেছে। সকাল সাতটার পর থেকে এ কাউন্টার থেকে আর কোন এসি বাস ছেড়ে যায়নি। বসার জায়গা না থাকায় ভোগান্তিতে পড়েছেন শিশু ও নারী যাত্রীরা।
এদিকে, যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে টার্মিনাল এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। এছাড়া, কমিউনিটি পুলিশ ও ট্রাফিক সহায়তাকারী অনেক ভলেন্টিয়ারদের যাত্রীদের সহায়তায় কাজ করতে দেখা গেছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভলেন্টিয়াররা বাস টার্মিনাল ঘুরে ঘুরে যাত্রীদের পর্যবেক্ষণ করতে দেখা গেছে।
ঢাকা থেকে ময়মনসিংহগামী ইউনাইটেড ট্রান্সপোর্টের কাউন্টার মাস্টার তরিকুল ইসলাম রাজ বলেন, "রাস্তায় যানজট থাকার কারণে এসি বাসগুলো সময়মতো টার্মিনালে আসতে পারেনি। দীর্ঘ সময় বাস না ছাড়ার কারণে যাত্রীদের উপস্থিতি কাউন্টারের সামনে বেড়ে গেছে। তবে নন এসির বাসের স্বল্পতা না থাকায় একের পর এক গাড়ি টার্মিনাল থেকে ছেড়ে যাচ্ছে।"
এদিন সকাল সাড়ে সাতটার দিকে মহাখালী বাস টার্মিনালে আসলেও বাস না থাকায় দীর্ঘ সময় ধরে পরিবার নিয়ে কাউন্টারের সামনে অপেক্ষারত বেসরকারি চাকরিজীবী সিহাব রহমান বলেন, “সকাল থেকে দাঁড়িয়ে আছি। বাস এখনো টার্মিনালে এসে পৌঁছায়নি। কখন পৌঁছাবে তাও নিশ্চিত করে বলতে পারছে না কাউন্টার কর্তৃপক্ষ। পরিবার নিয়ে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে অনেক কষ্ট হচ্ছে।”
ঢাকা থেকে নওগাঁগামী শাহ্ ফাতেহ্ আলী পরিবহনের সকাল ১১টার বাসের সুপারভাইজার বাপ্পি বলেন, “ভোর সাড়ে পাঁচটা থেকে একটার পর এক গাড়ি ছেড়ে যাচ্ছে। গাড়ির স্বল্পতা না থাকায় যাত্রীদের কাউন্টারে বেশি অপেক্ষা করতে হচ্ছে না। তবে টাঙ্গাইলে যানজট থাকায় কাউন্টারে বাস আসতে দেরি হচ্ছে। আজকে যাত্রীরা চাপ অনেকটাই বেশি রয়েছে।”
মহাখালী বাস টার্মিনালে দায়িত্বরত বিআরটিএ কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট অসমীয়া জায়গীরদার বলেন, “আজ যাত্রীদের চাপ অনেকটাই বেশি। নন এসি গাড়িগুলো নির্ধারিত সময় বা একটু পরেই ছেড়ে যাচ্ছে। তবে যাত্রী তুলনায় এসি গাড়িগুলোর স্বল্পতা রয়েছে। তাই এসি গাড়ির কাউন্টারে যাত্রীদের বেশি অপেক্ষা করতে দেখা গেছে। তবে বাস টার্মিনালে সার্বিক পরিস্থিতি ভালো। বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না যাত্রীদের তেমন কোন ভোগান্তি নেই। আমরা মনিটরিং অব্যাহত রেখেছি।”
ঢাকা/এনটি/ইভা