মধ্য ইসরায়েলে ইরানের ‘প্রতিশোধমূলক’ হামলায় নিহত ২, ব্যাপক ক্ষয়ক্ষতি
ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। তেহরান জানিয়েছে, ইসরায়েলে সর্বশেষ এই ক্ষেপণাস্ত্রগুলো (লারিজানি ও সোলেইমানি) হত্যার প্রতিশোধ হিসেবে চালানো হয়েছে।
বুধবার (১৮ মার্চ) আল-জাজিরার জর্ডান সংবাদদাতা রোরি চ্যালান্ডস এক প্রতিবেদনে এ তথ্য জানান।
প্রতিবেদন অনুসারে, গত এক ঘণ্টার মধ্যে নতুন একটি হামলার পর মধ্য ইসরায়েলজুড়ে সাইরেন বেজে ওঠে। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো স্পষ্ট নয়। এর আগে একই এলাকায় চালানো একটি হামলায় তেল আবিব ও এর শহরতলীসহ বেনি ব্রাক এবং রামাত গানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, সেখানে ৭০ বছর বয়সী এক দম্পতি নিহত হয়েছেন।
একজন প্রতিবেশী ইসরায়েলি সংবাদমাধ্যমকে জানান, তাদের বসার ঘরের মাঝখানে একটি বিশাল গর্ত তৈরি হয়েছে। তিনি বলেন, “এটি সরাসরি আঘাত ছিল। তাদের একটি নিরাপদ কক্ষ (সেফ রুম) ছিল, কিন্তু সেখানে পৌঁছানোর মতো সময় তারা পাননি।”
এছাড়া শ্যারন এলাকা ও বেনি ব্রাকে বেশ কয়েকজন আহত হয়েছেন। তেল আবিবের একটি কেন্দ্রীয় ট্রেন স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সারা দেশে সাময়িকভাবে ট্রেন চলাচল স্থগিত রাখা হয়েছে।
প্রতিবেদনে আরো বলা হয়, প্রতিদিন লেবাননের হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে প্রায় ১০০টি রকেট ছুড়ছে। এর পাশাপাশি ইরানি ক্ষেপণাস্ত্রগুলোও ধেয়ে আসছে। প্রায়ই এই হামলাগুলো সমন্বিতভাবে চালানো হয় যাতে সেগুলো একই সময়ে আঘাত হানে। এটি ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করছে।
অধিকাংশ ক্ষেপণাস্ত্রই আকাশপথে ধ্বংস (ইন্টারসেপ্ট) করা হচ্ছে, তবে কিছু লক্ষ্যভেদে সক্ষম হচ্ছে। কিছু ক্ষেত্রে ইন্টারসেপ্টর বা প্রতিরোধক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ থেকেও ক্ষয়ক্ষতি হচ্ছে। রামাত গানে এমনটিই ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
ঢাকা/ফিরোজ