তৃণমূলের টিকিট কেন মেলেনি, মুখ খুললেন কাঞ্চন
কাঞ্চন মল্লিক
ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় কমেডিয়ান কাঞ্চন মল্লিক। পাঁচ বছর আগে উত্তরপাড়া বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিট নিয়ে বিজয়ী হয়েছিলেন। আগামী মে মাসে তার বিধায়ক পদের মেয়াদ শেষ হবে। তবে আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূলের টিকিট পাননি এই তারকা। কিন্তু কেন টিকিট পেলেন না কাঞ্চন?
ভারতীয় একটি গণমাধ্যম জানিয়েছে, স্থানীয় নেতা কাউন্সিলররা কাঞ্চনের উপর ক্ষুব্ধ। বিরোধী দলের নেতাদের কটাক্ষ, বিধায়ককে তার বিধানসভায় দেখা আর ডুমুর ফুল দেখার সমান। ধারণা করা হয়, এসব কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে দল।
তবে এ বিষয়ে মতামতের জন্য সংবাদমাধ্যমটি কাঞ্চনের সঙ্গে যোগাযোগ করে। কাঞ্চন মল্লিক বলেন, “টিকিট পাব না, তা তো আমাকে আগেই বলা হয়েছিল; আগেই আভাস পেয়েছিলাম। তাছাড়া আমার সঙ্গে শীর্ষ নেতৃত্বের কথাও হয়েছে। পুরোপুরি দলীয় সিদ্ধান্ত। পাঁচ বছর বিধায়ক হিসেবে কাজ করেছি। বিধায়ক না থাকলেও দলের কর্মী হিসেবে দিদির পাশে ছিলাম, আছি এবং থাকব।”
কাঞ্চনের সঙ্গে দলের প্রচ্ছন্ন একটা দূরত্ব তৈরি হয়েছে। অতীতের বিচ্ছিন্ন কিছু ঘটনা থেকে সম্প্রতি তা বোঝা গেছে। দলীয় অনেক কর্মসূচিতে সেভাবে দেখা যেত না কাঞ্চনকে। নিজের কেন্দ্রেও তাকে দেখতে যেত না বলে অভিযোগ রয়েছে। তবে এসব বিষয়ে কাঞ্চন মল্লিক বলেন, “আমাকে উত্তরপাড়ায় দেখা যায় না—এমনটা কেউ কেউ প্রচার করতে চাইছেন। তবে আখেরে লাভ হবে না।”
বিরোধী দলের নেতারা স্থানীয় পর্যায়ে নানা উন্নয়নমূলক কাজ নিয়েও প্রশ্ন তুলেছেন। তাছাড়া ব্যক্তিগত জীবনে বিবাহবিচ্ছেদ ও পরকীয়ায় জড়িয়ে হাঁটুর বয়সি অভিনেত্রীকে বিয়ে করে কম সমালোচনার মুখে পড়েননি কাঞ্চন। নির্বাচনের আগে এমন নানা কারণ সামনে এসেছে। তবে ঠিক কী কারণে এবার টিকিট পেলেন না, সে বিষয়ে পরিষ্কারভাবে কোনো জবাব দেননি কাঞ্চন মল্লিক।
ঢাকা/শান্ত