মমতা-শুভেন্দুর লড়াই এবার ভবানীপুরে
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি নেতা শুভেন্দু অধিকার এবারো ভোটের লড়াইয়ে মুখোমুখি হলেন। তাদের লড়াই দেখা যাবে ভবানীপুর আসনে।
ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ২৯৪টি আসনেরই পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেসে। পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের সভাপতি মমতা বন্দ্যোপাধ্যায় নিজের জন্য ভবানীপুর আসন রেখেছেন।
মঙ্গলবার (১৭ মার্চ) কালীঘাটের বাসভবনে সাংবাদ সম্মেলনে এসে প্রার্থীদের পরিচয় করিয়ে দেন মমতা। এর আগে সোমবার (১৬ মার্চ) প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করে বিজেপি। তাতে শুভেন্দুকে প্রার্থী করা হয়েছে ভবানীপুর ও নন্দীগ্রাম আসনে। শুভেন্দু এবার দুই আসনে লড়াই করলেও মমতা করছেন শুধু ভবানীপুরে।
২০২১-এর বিধানসভা ভোটে নন্দীগ্রাম থেকে দাঁড়িয়েছিলেন মমতা। তাকে চ্যালেঞ্জ করেই ওই আসন থেকে শুভেন্দুর নাম ঘোষণা করেছিল বিজেপি। ফলপ্রকাশের দিন চমকে গিয়েছিল গোটা বাংলা। মমতাকে ১ হাজার ৯৫৬ ভোটে পরাজিত করেন শুভেন্দু। পরে উপ-নির্বাচনে ভবানীপুর থেকে জয়লাভ করে মুখ্যমন্ত্রীর পদ ধরে রাখেন মমতা। এবার নন্দীগ্রামের জয়ী আসন ধরে রাখার পাশাপাশি মমতাকে আবারো কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে মমতার দুর্গ ভবানীপুরেও প্রার্থী হয়েছেন শুভেন্দু।
নন্দীগ্রাম আসনে এবার তৃণমূল্যের প্রার্থী করা হয়েছে পবিত্র করকে।
এবার নির্বাচনি লড়াই বেশ কঠিন। তাই মঙ্গলবার তৃণমূল প্রার্থী তালিকা প্রকাশ করার আগেই ভবানীপুরের বিভিন্ন এলাকায় দেওয়ালে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতার নামে দেওয়াল লিখন শুরু করে দেন ভবানীপুরের তৃণমূল কর্মীরা।
ইতোমধ্যেই এই আসন থেকে বিজেপির প্রার্থী হয়েছেন শুভেন্দু অধিকারী। রাজ্যের বর্তমান বিরোধী দলনেতার নামে এই এলাকায় আগেই দেওয়াল লিখন শুরু হয়ে গেছে, সেখানে পিছিয়ে থাকতে নারাজ তৃণমূল কর্মীরাও।
তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকায় এবারো জোর দেওয়া হয়েছে নারীশক্তি, অনগ্রসর শ্রেণি, সংখ্যালঘু সম্প্রদায় এবং নবীন-প্রবীণের ভারসাম্যের ওপর।
প্রার্থী তালিকায় রয়েছে নামের চমক! সমাজের বিভিন্ন পেশার একঝাঁক তারকা, নতুন মুখ জায়গা পেয়েছে। সেখানে একদিকে যেমন রয়েছে টলিউড অভিনেতা-অভিনেত্রী-চিত্রপরিচালক, তেমনি রয়েছেন সাবেক ক্রিকেটার, সাবেক সরকারি কর্মকর্তারাও।
ঢাকা/রাসেল