পুলিশ সদস্যকে অপহরণ করে মারধর, গ্রেপ্তার ৫
ঠাকুরগাঁও প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ঠাকুরগাঁও সদর থানার পুলিশ কনস্টেবলকে মো. আজিজুল ইসলামকে অপহরণ করে মারধরের মামলায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ওই মামলায় আরো ৪-৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
শনিবার (১৬ মে) রাতে ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মো. বেলাল হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার পাঁছ আসামি হলেন—পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার লোহাগাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে সোহেল রানা (৩২), ঠাকুরগাঁওয়ের গড়েয়া এলাকার আনজারুল ইসলামের ছেলে বিপ্লব ইসলাম (২৭), গোবিন্দনগর হঠাৎ পাড়ার হাবিবুর রহমানের ছেলে নাজমুল হোসেন রাব্বি (২২), জগন্নাথপুর হাজির মোড় এলাকার বাহাদুর খানের ছেলে সাকিব খান (২৬) ও মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার আব্দুস সোবহানের ছেলে নাঈম আহমেদ (২৮)।
ঠাকুরগাঁও সদর থানা সূত্রে জানা গেছে, কিছু দিন আগে নিজের ব্যবহৃত একটি ১৫০ সিসি মোটরসাইকেল বন্ধক রেখে মামলার ২ নাম্বার আসামি বিপ্লবের কাছে ৫০ হাজার টাকা ঋণ নেন কনস্টেবল আজিজুল। পরে তিনি জানতে পারেন যে, ঋণদাতা সুমন নামের আরেক ব্যক্তির কাছে ১ লাখ টাকায় সেই মোটরসাইকেল বন্ধক রেখে পালিয়েছে। এর পর টাকা ফেরত দিয়ে নিজের মোটরসাইকেল ফেরত নিতে গেলে ঋণদাতাকে আর খুঁজে পাওয়া যায়নি। অভিযুক্ত বিপ্লব চক্রের অন্য সদস্যরা কিছু টাকা খরচের বিনিময়ে বন্ধকি মোটরসাইকেলটি উদ্ধার করে দেওয়ার প্রস্তাব দিলে আজিজুল তাতে রাজি হন। তবে, মোটরসাইকেল উদ্ধার না করেই ৩০ হাজার টাকা খরচ হয়েছে, দাবি করে আজিজুলের কাছে তা চায় চক্রটি। আজিজুল ৩০ হাজার টাকা দিতে অস্বীকৃতি জানান।
৩০ হাজার টাকা না দেওয়ায় গত বৃহস্পতিবার ১৪ মে দুপুরে জেলা শহরের গোয়াল পাড়া এলাকা থেকে সাধারণ পোশাকে দায়িত্ব পালনরত অবস্থায় আজিজুলকে অপহরণ করে চক্রটি। তাকে আটকে রেখে মারধর করে, হুমকি দেয় ও ১ লাখ ১০ হাজার টাকা চাঁদা দাবি করে। দীর্ঘ সময় আটক থাকার একপর্যায়ে পরিবারের সদস্য টাকা নিয়ে দাঁড়িয়ে আছে জানিয়ে, টাকা আনার কথা বলে সেখান থেকে দৌড়ে পালান আজিজুল। পরে ঠাকুরগাঁও সদর থানায় নিজে বাদী হয়ে মামলা দায়ের করলে সেদিনেই ৫ আসামিকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সুপার বেলাল হোসেন বলেছেন, “আজিজুল নিজে বাদী হয়ে মামলা দায়ের করেছে। এ ঘটনায় প্রাথমিকভাবে আজিজুলের অভিযোগের সত্যতা পাওয়া যায়। তাই, পুলিশ অভিযোগ আমলে নিয়ে তৎক্ষণাৎ আসামিদের গ্রেপ্তার করেছে। এ বিষয়ে আরো তদন্ত করা হবে।”
ঢাকা/হিমেল/রফিক
সীমান্তে ৭ পাসপোর্টসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি সাব্বির আটক