ঢাকা     শনিবার   ২১ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সুপার এইটেও থাকবেন শরফুদ্দৌলা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৪, ২১ ফেব্রুয়ারি ২০২৬  
সুপার এইটেও থাকবেন শরফুদ্দৌলা

বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরু থেকেই দায়িত্ব পালন করছেন। এবারের বিশ্বকাপে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি তিনিই। তাকে বিশ্বকাপের সুপার এইটের ম্যাচেও দেখা যাবে। নিশ্চিত করেছে আইসিসি।

রোববার, ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে সুপার এইটের খেলা। ২০ দলের বিশ্বকাপে এখন টিকে আছে আট দল। পাকিস্তান ও নিউ জিল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে লড়াই। রডনি টাকার ও পল রাইফেল কলম্বোতে অনফিল্ডে দায়িত্ব পালন করবেন।

২৬ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ অনুষ্ঠিত হবে ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড়, আহমেদবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে। ওই ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের একমাত্র এলিট প্যানেলের আম্পায়ার সৈকত। তার সঙ্গে থাকবেন শ্রীলঙ্কার কুমার ধর্মাসেনা।

নিরাপত্তা শঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যায়নি বাংলাদেশ। ভারতে গিয়ে খেলতে অস্বীকৃতি জানানোয় আইসিসি বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করেছে। তবে দল না থাকলেও ম্যাচ অফিসিয়াল হিসেবে বিশ্বকাপের শুরু থেকে ছিলেন বাংলাদেশের দুই আম্পায়ার। গাজী সোহেল ও শরফুদ্দৌলা, বিশ্বকাপের বিভিন্ন ম্যাচে বিভিন্ন মাঠে দায়িত্ব পালন করেছেন। প্রথম পর্বে দুজনই তিনটি করে ম্যাচ অনফিল্ডে ছিলেন। একাধিক ম্যাচে তৃতীয় ও চতুর্থ আম্পায়ার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।  

আইসিসির প্যানেল আম্পায়ার হিসেবে প্রথমবার পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে দায়িত্ব পালন করেছেন গাজী সোহেল। শরফুদ্দৌলা এর আগে ওয়ানডে বিশ্বকাপেরও ম্যাচে ছিলেন। 

ঢাকা/ইয়াসিন 

সর্বশেষ

পাঠকপ্রিয়