শহীদ মিনারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম
মহান ভাষা আন্দোলনে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান।
মহান ভাষা আন্দোলনে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহবুদ্দিন এবং প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাত ১২টায় পৃথকভাবে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন তারা।
২১ ফেব্রুয়ারি শুধু বাংলা ভাষার রক্তঝরা আন্দোলনের স্মারক নয়; এটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। জাতিসংঘের সদস্য দেশগুলো দিবসটি পালন করে থাকে। সব দেশের ভাষা আন্দোলনের প্রতি শ্রদ্ধা জানানো হয় একুশে ফেব্রুয়ারি প্রথম প্রহরে।
কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের শ্রদ্ধা জানিয়ে প্রথম পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি। তারপর শ্রদ্ধা ফুল দিয়ে ভাষা শহীদদের স্মরণ করেন প্রধানমন্ত্রী। দুজনেই সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে নীবরতা পালন করেন।
এ সময় মাইকে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি...’ গানটি বাজানো হয়। হৃদয়ছোঁয়া সুরের এই গানে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ শ্রদ্ধাবনত এক আবহ তৈরি হয়।
কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর ভাষা শহীদদের জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের ইমাম। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মোনাজাতে অংশ নেন।
এরপর প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভার সদস্য এবং উপদেষ্টাদের নিয়ে শহীদ মিনারের শ্রদ্ধার্ঘ অর্পণ করেন। তারপর বিএনপি নেতারা শ্রদ্ধা নিবেদন করেন।
মন্ত্রিসভার সদস্য ও উপদেষ্টার সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান তারেক রহমান। ছবি: বিটিভির লাইভ থেকে নেওয়া।
তারেক রহমান তার পরিবারের সদস্যদের সঙ্গে নিয়েও শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
এরপর বিনম্র চিত্তে শ্রদ্ধা নিবেদন করেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান মোহাম্মদ নাজমুল হাসান ও বিমানবাহিনী প্রধান হাসান মাহমুদ খাঁন।
শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন তিন বাহিনীর প্রধান। ছবি: বিটিভির লাইভ থেকে নেওয়া।
তিন বাহিনীর প্রধানের পর শ্রদ্ধা জানাতে আসেন সংসদের বিরোধীদলীয় নেতা জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান। তার সঙ্গে ছিলেন বিরোধী দলীয় চিফ হুইফ নাহিদ ইসলাম, এনসিপির হাসনাত আবদুল্লাহ ও জামায়াত জোট থেকে নির্বাচিত সদস্যবৃন্দ।
কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন করেন ১১ দলীয় জোটের নেতা ও সংসদের বিরোধীদলীয় নেতা জামায়াতের ইসলাম আমির ডা. শফিকুর রহমান এবং বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এবং জোটের অন্য নেতারা। ছবি: বিটিভির লাইভ থেকে নেওয়া।
বাংলাদেশে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন।
কূটনীতিকদের পর শহীদ বেদিতে শ্রদ্ধার ফুল নিবেদন করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন; অন্য কমিশনাররা ছিলেন তার সঙ্গে।
ঢাকা/আলী/রাসেল