ঢাকা     শুক্রবার   ২০ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ব্রেন টিউমারের অস্ত্রোপচার: বাসায় ফিরলেন তানিয়া বৃষ্টি

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৬, ২০ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৫:১৭, ২০ ফেব্রুয়ারি ২০২৬
ব্রেন টিউমারের অস্ত্রোপচার: বাসায় ফিরলেন তানিয়া বৃষ্টি

তানিয়া বৃষ্টি

ব্রেন টিউমারের সফল অস্ত্রোপচারের পর ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছিল জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টিকে। অবশেষে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন এই তারকা।

এ নিয়ে তানিয়া বৃষ্টি বা তার পরিবারের কেউ কোনো বক্তব্য দেননি। তবে নাট্যনির্মাতা সকাল আহমেদ গণমাধ্যমে বলেন, “বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে তানিয়া বাড়িতে ফিরেছে। তার পরিবোরের সদস্যদের সঙ্গে কথা বলে জেনেছি, কমপক্ষে একমাস পূর্ণ বিশ্রামে থাকতে বলেছেন চিকিৎসকরা। তাছাড়া আরো কিছু পরীক্ষা করাতে হবে।” 

আরো পড়ুন:

কয়েক দফা পরীক্ষা-নিরীক্ষার পর অভিনেত্রী তানিয়া বৃষ্টির মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। গত ১৫ ফেব্রুয়ারি বিকালে ৪ ঘণ্টাব্যাপী মস্তিষ্কে অস্ত্রোপচার হয়। এরপর চিকিৎসকেরা জানান, অস্ত্রোপচারে কোনো জটিলতা হয়নি। তবে পরবর্তী ২৪ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য তাদের।  তবে ১৬ ফেব্রুয়ারি তানিয়া বৃষ্টিকে কেবিনে স্থানান্তর করা হয়। এরপর চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছিল এই অভিনেত্রীকে।

বেশ কিছুদিন ধরে তীব্র মাথাব্যথা, জ্বর-ঠান্ডা ও শারীরিক অস্বস্তিতে ভুগছিলেন তানিয়া বৃষ্টি। প্রথমে বিষয়টি তেমন গুরুত্ব দেননি। সম্প্রতি অবস্থার অবনতি হলে উত্তরার একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানকার পরীক্ষা-নিরীক্ষায় ব্রেন টিউমার ধরা পড়ে।

পরে রাজধানীর আরেকটি হাসপাতালে পুনরায় পরীক্ষা করানো হলে একই ফলাফল আসে। এরপর সেখানে অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেন বলে জানান নির্মাতা সকাল আহমেদ। 

মুন্সিগঞ্জের মেয়ে তানিয়া বৃষ্টি ২০১২ সালে একটি সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন। এরপর নাম লেখান টিভি নাটকে। তবে বিজ্ঞাপনে মডেল হয়ে নজর কাড়েন। পরবর্তীতে অভিনয়েও নিজেকে প্রমাণ করেন।  

২০১৫ সালে ‘ঘাসফুল’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন তানিয়া বৃষ্টি। এরপর বেশ কটি সিনেমায় কাজ করেন। তবে বড় পর্দার চেয়ে টিভি নাটকে অভিনয় করে অধিক খ্যাতি কুড়ান এই অভিনেত্রী।  

২০১৯ সালে মুক্তি পায় তানিয়া বৃষ্টি অভিনীত ‘গোয়েন্দাগিরি’ সিনেমা। এটি তার অভিনীত সর্বশেষ সিনেমা। দীর্ঘ বিরতির পর ফের বড় পর্দায় ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। রায়হান খানের ‘ট্রাইব্যুনাল’ সিনেমায় তার কাজের কথাও ছিল। আর এরই মধ্যে অসুস্থ হয়ে পড়েন তানিয়া বৃষ্টি।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়