ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘বিশ্বকে মোকাবিলা করতে দক্ষতা উন্নয়নের বিকল্প নেই’

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৯, ৯ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘বিশ্বকে মোকাবিলা করতে দক্ষতা উন্নয়নের বিকল্প নেই’

নিজস্ব প্রতিবেদক : স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী  বলেছেন, ‘বর্তমান বিশ্বকে মোকাবিলা করতে দক্ষতা উন্নয়নের বিকল্প নেই।’

তিনি বলেন, ‘জনসমষ্টিকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে পারলেই অন্তর্ভূক্তিমূলক উন্নয়ন নিশ্চিত হবে।’ এসডিজি অর্জনের মাধ্যমে ক্ষুধা, দারিদ্র্য ও বৈষম্যমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করতে সকলের প্রতি দক্ষ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান তিনি।

শনিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগ আয়োজিত ‘ইন্টারন্যাশনাল স্কিলস কনফারেন্স -২০১৯’  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে আব্দুল মোমেন, পরিকল্পনামন্ত্রী এম. এ মান্নান এবং শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মো. আলমগীর।

বাংলাদেশ যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিবিড় পরিচর্যায় এগিয়ে যাচ্ছে ঠিক তেমনি সময় এ ধরনের আন্তর্জাতিক কনফারেন্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে শিরীন শারমিন চৌধুরী আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, ‘দক্ষতা উন্নয়নের মাধ্যমে দরিদ্রতার হারও কমে আসব। ইতোমধ্যে বিগত এক দশকে দারিদ্র্যের হার ৪০ শতাংশ থেকে ২২ শতাংশে নেমে এসেছে।’

স্পিকার বলেন, সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও ভোকেশনাল শিক্ষার প্রসার দক্ষ জনশক্তি তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। কারিগরি শিক্ষা ও এ সংক্রান্ত প্রশিক্ষণ দক্ষতা উন্নয়নে ভূমিকা রাখে যা সামগ্রিক উন্নয়নের অবিচ্ছেদ্য অংশ।

অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের কর্মকর্তাবৃন্দ ও দেশ বিদেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




রাইজিংবিডি/ঢাকা/৯ মার্চ ২০১৯/আসাদ/ইভা

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়