ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অনিশ্চয়তায় জিতের সিনেমা, মুক্তি পেতে পারে ‘প্রেম চোর’

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪২, ২৭ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অনিশ্চয়তায় জিতের সিনেমা, মুক্তি পেতে পারে ‘প্রেম চোর’

রাহাত সাইফুল: ঈদ আসলেই সিনেমা মুক্তি নিয়ে শুরু হয় তোড়জোড়। এবারো তার ব্যতিক্রম নয়। প্রতিবছর ঈদে মুক্তির তালিকায় থাকে ডজন খানেক সিনেমা। সিনেমার মেরিট, ক্ষমতা আর লভিংয়ের দৌড়ে অনেক সিনেমাই ছিটকে পড়ে। সর্বশেষ তিন থেকে চারটি সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পায়। আগামী ঈদুল ফিতরে শাকিব খান অভিনীত ‘পাসওর্য়াড’ ও ‘নোলক’ সিনেমাটি মুক্তি পাবে। এ ঘোষণা অনেক আগেই দেয়া হয়েছে। এছাড়া আরো কয়েকটি সিনেমা মুক্তির ঘোষণা দিয়েছে।

এদিকে ওপার বাংলার জিতের সিনেমা আমদানি করে মুক্তির ঘোষণা দেন আমদানিকারক প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান। এরই মধ্যে কলকাতায় একাধিক বৈঠক শেষে বিষয়টি প্রায় চূড়ান্ত করেছেন তিনি। এখন মুক্তির জন্য অনুমতির অপেক্ষায় রয়েছে প্রতিষ্ঠানটি।

গত ঈদুল ফিতরে শাকিব খান অভিনীত ‘ভাইজান এলো রে’ ও জিৎ অভিনীত ‘সুলতান’ নামের দুটি সিনেমা সাফটা চুক্তির মাধ্যমে বাংলাদেশে মুক্তি দেয়ার পায়তারা করেছিল। তখন আপিল বিভাগ রায় দেন— ঈদুল ফিতর, ঈদুল আজহা, পূজা ও পয়লা বৈশাখে যৌথ প্রযোজনার সিনেমা ছাড়া ভারতীয় বাংলা, হিন্দি, পাকিস্তানিসহ বিদেশি কোনো সিনেমা দেশে আমদানি, প্রদর্শন ও বিতরণ করা যাবে না। এই নিষেধাজ্ঞায় আটকে আছে জিতের সিনেমাটি।

আর কয়েকদিন পরেই ঈদ। সিনেমাটির মুক্তির বিষয় কতটা অগ্রগতি হয়েছে তা জানতে চাইলে শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান রাইজিংবিডিকে বলেন, ‘‘আমরা জিতের সিনেমা ‘শেষ থেকে শুরু’ মুক্তি দিতে চাচ্ছি। এখন সরকার অনুমতি না দিলে আমরা কীভাবে মুক্তি দিব? এটা সরকারের অনুমতির উপর নির্ভর করছে, তবে আমরা প্রস্তুত। জিতের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা এদেশে মুক্তি দিতে আগ্রহী।’’

এদিকে শাপলা মিডিয়ার বিশ্বস্ত একটি সূত্র জানায়, ‘শেষ থেকে শুরু’ সিনেমাটি মুক্তির জন্য চেষ্টা করা হচ্ছে। মুক্তির অনুমতি না পেলে একই প্রযোজনা প্রতিষ্ঠানের ‘প্রেম চোর’ সিনেমাটি মুক্তি দেয়া হবে। তবে আমদানি সিনেমাটির মুক্তি নিশ্চিত না বলেও জানায় সূত্রটি।  

ঢাকার প্রেক্ষাগৃহে গত কয়েক বছর ধরে দেশীয় সিনেমার পাশাপাশি বড় বাজেটের যৌথ প্রযোজনার সিনেমা ঈদসহ বিভিন্ন উৎসবে মুক্তি পেয়ে আসছে। সাফটা চুক্তির মাধ্যমে ভারতীয় বাংলা সিনেমা মুক্তি দেয়ার বিরুদ্ধে আন্দোলনে ফেটে পড়েছিলে চলচ্চিত্রাঙ্গনের মানুষ। এছাড়া ঈদে যৌথ প্রযোজনার সিনেমা ‘বাদশা’ ও ‘নবাব’ মুক্তি না দেয়ার জন্য আন্দোলনে নেমেছিল চলচ্চিত্রের ১৮টি সংগঠনের সমন্বয়ে গঠিত ‘চলচ্চিত্র পরিবার’। এ নিয়ে রাজপথে মিছিল, সেন্সর বোর্ডের সামনে অবস্থান ধর্মঘট, এমনকি সেন্সর বোর্ডের সদস্য ও হল মালিক সমিতির সভাপতি নওশাদকে শারীরিকভাবে লাঞ্ছিত করার মতো ন্যাক্কারজনক ঘটনাও ঘটেছিল। এরপর চলচ্চিত্রাঙ্গন দুই ভাগে বিভক্ত হয়ে যায়। এ সময় শাকিব খান সিনেমা মুক্তির পক্ষে অবস্থান নেয়। এবার সেই বিদেশি সিনেমা যেন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে শাকিব খানের!

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৭ মে ২০১৯/রাহাত/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়