ঢাকা     শুক্রবার   ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

৯ম পে-স্কেলের দাবি: সরকারি কর্মচারীদের ‘যমুনা’ ঘেরাও

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৭, ৬ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১২:৫৭, ৬ ফেব্রুয়ারি ২০২৬
৯ম পে-স্কেলের দাবি: সরকারি কর্মচারীদের ‘যমুনা’ ঘেরাও

ছবি: সংগৃহীত

৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের পর প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’ অভিমুখে যাত্রা করেন। পরে পুলিশের ব্যারিকেড ভেঙে ‘যমুনা’ ঘেরাও করেন সরকারি কর্মচারীরা।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে আন্দোলনরত কর্মচারীরা হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশে পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে যমুনার প্রবেশমুখে যাওয়ার চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারগ্যাস এবং জলকামান ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।

কর্মচারীদের দাবি, আজকের মধ্যেই ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ করতে হবে। বারবার আশ্বাস দেওয়া সত্ত্বেও গেজেট প্রকাশ না হওয়ায় বিষয়টিকে তারা ‘প্রতারণা’ হিসেবে অভিহিত করেছেন।

রমনা জোনের উপ পুলিশ কমিশনার মাসুদ আলম বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”

এছাড়া রাষ্ট্রীয় ভবন যমুনার নিরাপত্তায় কাকরাইল মসজিদ ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। 

এর আগে টানা কয়েকদিন ধরে বিভিন্ন সময়ব্যাপী কর্মবিরতি পালন করেছিলেন সরকারি কর্মচারিরা। আজকের এই ‘যমুনা ঘেরাও’ কর্মসূচি ছিল তাদের পূর্ব ঘোষিত।

সরকারি কর্মচারীদের অভিযোগ, নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন জমা দেওয়া হলেও এবং অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আশ্বাস পাওয়া সত্ত্বেও গেজেট প্রকাশে বিলম্ব করা হচ্ছে। অন্যদিকে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, এই বড় বাজেটের (প্রায় ১ লাখ ৬ হাজার কোটি টাকা) সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয়গুলো যাচাই-বাছাই করা প্রয়োজন।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তাই এর আগেই কর্মচারীরা নিজেদের দাবি আদায় করতে কঠোর অবস্থানে রয়েছেন।

ঢাকা/এমআর/এস

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়