ফাইনালের মঞ্চে ইতিহাস গড়লেন ১৪ বছরের বিস্ময় বালক সূর্যবংশী
অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে এমন এক ইনিংস উপহার দিল এক কিশোর, যা ক্রিকেট ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। মাত্র ১৪ বছর বয়সে অবিশ্বাস্য ব্যাটিংয়ে নতুন ফাইনাল-রেকর্ড গড়েছে ভারতের তরুণ ওপেনার ভৈভব সূর্যবংশী।
শনিবার (০৬ ফেব্রুয়ারি) হারারে স্পোর্টস ক্লাব মাঠে ইংল্যান্ডের বিপক্ষে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০২৬ এর ফাইনালে সূর্যবংশী খেলেন রীতিমতো চোখধাঁধানো এক ইনিংস। মাত্র ৮০ বলে করেন ১৭৫ রান। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কোনো ফাইনালে এটি এখন পর্যন্ত সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ।
এর আগে ফাইনালে সর্বোচ্চ রানের রেকর্ড ছিল ভারতেরই উন্মুক্ত চাঁদের। যিনি ২০১২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে অপরাজিত ১১১ রান করেছিলেন। সূর্যবংশী সেই বহুদিনের রেকর্ড ভেঙে দিলেন অনায়াসেই।
চাপের ম্যাচে একটুও নার্ভাস না হয়ে আগ্রাসী ভঙ্গিতে ব্যাটিং করেন এই বাঁহাতি ওপেনার। মাত্র ৩২ বলে অর্ধশতক পূর্ণ করার পর পরের পঞ্চাশে লাগে আরও কম, শুধু ২৩ বল। এরপর রানের স্রোত থামাননি তিনি। পৌঁছে যান বিধ্বংসী সেঞ্চুরিতে।
পুরো ইনিংসে সূর্যবংশীর ব্যাট থেকে আসে ১৫টি চার ও ১৫টি ছক্কা। স্ট্রাইক রেট ছিল অবিশ্বাস্য! প্রায় ২১৯। এত কম বয়সে এমন পরিণত ও আত্মবিশ্বাসী ব্যাটিং ক্রিকেটবিশ্বকে মুগ্ধ করেছে।
এই ১৭৫ রান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে কোনো ভারতীয় ব্যাটসম্যানেরও সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। আগের রেকর্ডটি ছিল রাজ বাওয়ার, যিনি ২০২২ আসরে উগান্ডার বিপক্ষে অপরাজিত ১৬২ রান করেছিলেন।
শুধু তাই নয়, যুব ওয়ানডে ক্রিকেটের ইতিহাসেও সূর্যবংশীর এই ইনিংস জায়গা করে নিয়েছে শীর্ষ তালিকায়। সব মিলিয়ে এটি যুব ওয়ানডে ইতিহাসের নবম সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। এই তালিকায় তার ওপরে থাকা একমাত্র ভারতীয় হলেন অম্বাতি রাইডু। যিনি ২০০২ সালে ইংল্যান্ডের বিপক্ষে ১৭৭ রান করেছিলেন।
ছক্কার হিসাবেও গড়েছেন নতুন কীর্তি। এর আগে এক আসরে সর্বোচ্চ ২২টি ছক্কার রেকর্ড ছিল দক্ষিণ আফ্রিকার ডিওয়াল্ড ব্রেভিসের। সূর্যবংশী ফাইনালের আগেই করেছিলেন ১৫টি ছক্কা, আর ফাইনাল ম্যাচেই মারেন আরও ১৫টি। ফলে পুরো টুর্নামেন্টে তার ছক্কার সংখ্যা দাঁড়ালো অবিশ্বাস্য ৩০-এ।
এক ফাইনাল, এক কিশোর, আর ইতিহাসজুড়ে ছড়িয়ে পড়া এক ইনিংস। ভৈভব সূর্যবংশী বুঝিয়ে দিলেন, ভবিষ্যতের ভারতীয় ক্রিকেটের আকাশে তার নাম উজ্জ্বল নক্ষত্র হয়ে উঠতে চলেছে।
ঢাকা/আমিনুল