ঢাকা     বুধবার   ১৭ জুন ২০২৬ ||  আষাঢ় ৩ ১৪৩৩ || ১ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

সূর্যবংশীর ১৭৫ রানে ভর করে ভারত চ্যাম্পিয়ন

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪২, ৬ ফেব্রুয়ারি ২০২৬  
সূর্যবংশীর ১৭৫ রানে ভর করে ভারত চ্যাম্পিয়ন

শনিবার (০৬ ফেব্রুয়ারি) হারারের ফাইনাল যেন এক কিশোরের একক শো। বৈভব সূর্যবংশীর অবিশ্বাস্য ব্যাটিং তাণ্ডবে ভর করে ইংল্যান্ডকে ১০০ রানে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা জিতে নিল ভারত।

আরো পড়ুন:

মাত্র ১৪ বছর বয়সী সূর্যবংশী ফাইনালের মঞ্চে যা করে দেখালেন, তা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ইতিহাসে আগে কেউ পারেনি। মাত্র ৮০ বলে খেলেন বিধ্বংসী ১৭৫ রানের ইনিংস। যেটি ফাইনালে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহের নতুন রেকর্ড। তার ব্যাট থেকে আসে ১৫টি চার ও ১৫টি ছক্কা। সবচেয়ে বিস্ময়কর বিষয়, শেষ ১৫১ রানই তিনি করেন মাত্র ৫৬ বলে।

বাঁহাতি এই ওপেনার শেষ পর্যন্ত ইংল্যান্ড অধিনায়ক থমাস রিউয়ের বলে উইকেটকিপারের হাতে ধরা পড়েন। তখন ভারতের সংগ্রহ ২৬ ওভারে ৩ উইকেটে ২৫১ রান। নির্ধারিত ৫০ ওভারে ভারত থামে ৯ উইকেটে ৪১১ রানে। ফাইনালের জন্য যা ছিল পাহাড়সম লক্ষ্য।

জবাবে ইংল্যান্ড লড়াই করার চেষ্টা করেছিল। ওপেনার বেন ডকিন্স করেন ৬৬ রান, আর মিডল অর্ডারে ক্যালেব ফ্যালকোনার খেলেন দুর্দান্ত ১১৫ রানের ইনিংস। তবে নিয়মিত উইকেট পড়তে থাকায় শেষ পর্যন্ত তারা গুটিয়ে যায় ৪০.২ ওভারে ৩১১ রানে। শেষ ব্যাটসম্যান ফ্যালকোনারকে দারুণ এক ক্যাচে ফেরান খিলান প্যাটেল।

এই জয়ে ভারত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতল ষষ্ঠবার, যা টুর্নামেন্ট ইতিহাসে নতুন মাইলফলক।

ম্যাচসেরা ও টুর্নামেন্টসেরার পুরস্কার জিতে সূর্যবংশী বলেন, “বড় ম্যাচে নিজের ওপর বিশ্বাস ছিল। জানতাম সুযোগ এলে কিছু একটা করতে পারব। আজ সেটাই হয়েছে।”

পুরো টুর্নামেন্টে সাত ইনিংসে ৪৩৯ রান করেন তিনি। গড় ছিল ৬২.৭১। সংখ্যার বাইরেও যা ছিল এক অনন্য প্রভাব।

এর আগেই সূর্যবংশী বিশ্ব ক্রিকেটে আলোড়ন তুলেছেন। মাত্র ১৩ বছর বয়সে অস্ট্রেলিয়ার বিপক্ষে অনূর্ধ্ব-১৯ অভিষেকে সেঞ্চুরি করে নজর কাড়েন। পরে আইপিএলে অভিষেকেই প্রথম বলে ছক্কা হাঁকিয়ে জানান দেন নিজের আগমনের। মাত্র নয় দিনের ব্যবধানে গুজরাটের বিপক্ষে করেন টুর্নামেন্ট ইতিহাসের দ্বিতীয় দ্রুততম শতক ৩৫ বলে। যেখানে ১১টি ছক্কা ও ৭টি চার ছিল।

হারারের ফাইনালে সেই আগ্রাসী ব্যাটিংই পৌঁছে গেল পরিপূর্ণতায়। ভারত পেল আরেকটি বিশ্বজয়ের আনন্দ। আর ক্রিকেট বিশ্ব পেল এক ভবিষ্যৎ সুপারস্টারের ঝলক।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়