‘ফুড ইন্সপেক্টর’ সেজে টাকা দাবি, প্রতারক আটক
বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বগুড়ায় মেহেদী হাসান নামে এক ভুয়া ‘ফুড ইন্সপেক্টর’কে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার উরদ্দিগোলা বাজার থেকে তাকে আটক করা হয়।
মেহেদী হাসান একই উপজেলার নড়ুলী এলাকার মনির উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, উরদ্দিগোলা বাজারের শাহিনের হোটেলে ঢুকে মোবাইলে ভিডিও করা শুরু করেন মেহেদী। এ সময় ভিডিও করার কারণ জানতে চাইলে মেহেদী নিজেকে ‘ফুড ইন্সপেক্টর’ পরিচয় দেন। একপর্যায়ে তিনি হোটেল মালিক শাহিনের কাছে এক লাখ টাকা দাবি করেন এবং টাকা না দিলে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করবেন বলে হুমকি দেন।
হোটেল মালিক প্রথমে বিষয়টি এড়িয়ে যেতে পাঁচ হাজার টাকা দিতে চাইলে মেহেদী উত্তেজিত হয়ে উঠেন। এ সময় স্থানীয়রা তার পরিচয়পত্র দেখতে চাইলে টালবাহানা শুরু করেন। এতে সন্দেহ হলে মেহেদীকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে এসে তাকে নিজেদের হেফাজতে নেয়।
বগুড়া সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, “মেহেদীকে থানা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। মামলা দায়ের হলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।”
ঢাকা/এনাম/রাজীব