ঢাকা     বৃহস্পতিবার   ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আল্লাহ আমাকে একজন ভালো মানুষ দেবেন, বিয়ে নিয়ে সাফা কবির

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৫, ৫ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১২:২৮, ৫ ফেব্রুয়ারি ২০২৬
আল্লাহ আমাকে একজন ভালো মানুষ দেবেন, বিয়ে নিয়ে সাফা কবির

সাফা কবির

ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী সাফা কবির। অভিনয় ক্যারিয়ারে এক যুগ পার করেছেন; উপহার দিয়েছেন আলোচিত-প্রশংসিত নাটক-টেলিফিল্ম। তার সমসাময়িক অভিনেত্রীদের মধ্যে অধিকাংশ বিয়ে করে সংসারী হয়েছেন। তবে একত্রিশের সাফা এখনো একা। 

সাফা কবিরের বিয়ে নিয়ে তার বন্ধু, ভক্ত-অনুরাগীরা বেশ উৎসাহী। কবে বিয়ে করবেন—এটা খুবই সাধারণ প্রশ্নে রূপ নিয়েছে। সমবয়সিরা বিয়ে করে ফেলেছেন, বয়স বেড়ে যাচ্ছে, এসব কথা নিয়মিত সাফার কানে পৌঁছায়। তবে বিয়ে নিয়ে খুব একটা কথা বলতে দেখা যায় না তাকে। তবে এবার বিয়ে নিয়ে গণমাধ্যমে সরল বয়ান দিয়েছেন এই অভিনেত্রী।  

আরো পড়ুন:

সাফা কবির বলেন, “সবাই বিয়ে করে ফেলেছে বা আমার বয়স হয়েছে—এই কারণে আমি বিয়ে করতে চাই না। আমি এমন একটা সময়ে বিয়ে করতে চাই, যখন আমার জীবনে এমন একজন মানুষ আসবে, যার সঙ্গে সারা জীবন দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই থাকা যাবে। মানুষ বলবে বলে বিয়ে নয়। হুটহাট বিয়ে করে কিছুদিন পর ভেঙে যাওয়ার চেয়ে, আস্থার সঙ্গে বিয়ে করাটাই বেশি গুরুত্বপূর্ণ।” 

নিজের চাওয়ার মতো কাউকে কি খুঁজে পেয়েছেন? এ প্রশ্নের জবাবে সাফা কবির বলেন, “এখনো হয়নি। আমি অনেক কাজ নিয়ে ব্যস্ত। সামনে হয়তো হবে। দোয়া করি, আল্লাহ একজন ভালো মানুষ দেবেন। আমার বিশ্বাস আছে।”  

ভালো মানুষ বলতে কী বুঝাচ্ছেন? এ প্রশ্নের উত্তরে সাফা কবির বলেন, “দেখতে খুব সুদর্শন বা অসাধারণ হতে হবে—এমন কিছু না। ভালো মানুষ মানে, যে মন থেকে ভালো, সৎ, স্বচ্ছ, যত্নশীল, বোঝাপড়াসম্পন্ন ও সহযোগিতাপরায়ণ; যার সঙ্গে জীবনটা আরাম করে কাটানো যাবে।” 

সাফা কবির


ঝলমলে জগতের তারকা সাফা কবির ব্যক্তিগত জীবনে খুবই সাদামাটা জীবনযাপন করে থাকেন। তার ভাষায়—“কাজ না থাকলে বাসায় থাকতে ভালোবাসি। বাসার খাবার খাই, নিজে রান্না করি। ভাত–মাছ আমার সবচেয়ে প্রিয়, বিশেষ করে ইলিশ।”

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়