‘ক্ষমতায় গেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত করা হবে’
কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, “আমরা ক্ষমতায় গেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত করা হবে।”
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) কক্সবাজার শহরের বাহারছড়া বীর মুক্তিযোদ্ধা মাঠে কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনে ধানের শীষের প্রার্থী লুৎফর রহমান কাজলের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, “ধর্মের ভিত্তিতে কোনো বিভাজন নয়, আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই। মুক্তিযোদ্ধা হত্যাকারী ও সংখ্যালঘু নির্যাতনকারীরা এখন নতুন করে মুক্তিযুদ্ধের ইতিহাস রচনা করার চেষ্টা করছে।”
তিনি বলেন, “শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং একটি শক্তিশালী রাষ্ট্র বিনির্মাণে বিএনপির সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে।”
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামবাদী বলেন, “ইনসাফের কথা বলে যারা ভোট চাইছে, অথচ নিজেদের শরিক দলের সঙ্গে আসন বণ্টনেও ইনসাফ করতে পারেনি। তারা ক্ষমতায় গেলে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবে না।”
কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্নার সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন কক্সবাজার-৩ আসনে বিএনপি প্রার্থী লুৎফর রহমান কাজলসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপির নেতৃবৃন্দ।
ঢাকা/তারেকুর/রাজীব