‘যতটা সম্ভব টাকা উপার্জন করুন, টাকার চেয়ে বড় কিছু নেই’
রিমি সেন
শূন্য দশকের শুরুতে ‘হাঙ্গামা’, ‘ধুম টু’, ‘গোলমাল’-এর মতো সিনেমায় অভিনয় করে খ্যাতি কুড়ান ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রিমি সেন। যশ-খ্যাতি কুড়ালেও ধীরে ধীরে রুপালি জগত থেকে হারিয়ে যান। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে রিয়েল এস্টেট ব্যবসায় যুক্ত হয়েছেন। সেখানে একটি অনুষ্ঠানে বক্তব্য দিয়ে নতুন করে আলোচনায় উঠে এসেছেন এই অভিনেত্রী।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়ে জীবনের অর্জিত অভিজ্ঞতা থেকে রিমি সেন বলেন—“সবই টাকার খেলা—আমি জীবনে এই একটা জিনিস শিখেছি বাবু ভাইয়া। টাকার উপরে কিছুই নেই। জীবনে যদি টাকা উপার্জন করতে চান, তাহলে স্বপ্নের কথা ভুলে যান—যা যা করতে হয়, করুন। দৃঢ় বিশ্বাসের সঙ্গে আপনার নীতি, মূল্যবোধ সঠিকভাবে অনুসরণ করুন। আর যতটা সম্ভব টাকা উপার্জন করুন। কারণ টাকার চেয়ে বড় কিছু নেই।”
টাকার গুরুত্ব ব্যাখ্যা করে রিমি সেন বলেন, “সম্মানের আগে টাকা আসে, সম্পর্কের আগেও টাকার প্রসঙ্গ আসে। এটা অপ্রিয় সত্য, যা আমরা জানি। নিজ দেশ ও প্রিয় মানুষদের ছেড়ে আজ আমরা এখানে এসেছি, শুধু টাকা উপার্জনের জন্যই। ভালো সুযোগের খোঁজে। সুতরাং এ জন্য যত পরিশ্রম দরকার, করুন। পেশা বদলাতে হয়, বদলান; যা আপনার জন্য কার্যকর তাই করুন। যা কাজে আসছে না সঙ্গে সঙ্গে সেটা ছেড়ে দিন। কারণ সময় কখনো ফিরে আসে না।”
রিমি সেন
কেন বলিউড ছাড়েন রিমি সেন?
বলিউড ছেড়ে রিমি সেন এখন দুবাইয়ে রিয়েল এস্টেট ব্যবসায় যুক্ত হয়েছেন। বিল্ডক্যাপ রিয়েল এস্টেট এলএলসি-এর পডকাস্টে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন রিমি। এ আলাপচারিতায় বলিউড ছাড়ার কারণ ব্যাখ্যা করেছেন এই অভিনেত্রী। রিমি সেনের ভাষায়—“আমার মনে হয়, ফিল্ম ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার খুব দীর্ঘ নয়, বিশেষ করে নারীদের জন্য। এটি (বলিউড) পুরুষ শাসিত একটি ইন্ডাস্ট্রি। গত ২৫-৩০ বছর ধরে সালমান খান আর শাহরুখ খান এই ইন্ডাস্ট্রিতে রাজত্ব করছেন।”
উদাহরণ টেনে রিমি সেন বলেন, “যেসব নায়িকা তাদের (শাহরুখ-সালমান) সঙ্গে কাজ করেছেন, তাদের অনেকেই এখন পার্শ্ব চরিত্র বা মায়ের চরিত্রে অভিনয় করছেন। তাই আমি আগেই পরিকল্পনা করে রেখেছিলাম—ইন্ডাস্ট্রিতে কাজ করব, ইভেন্ট আর সিনেমা করব, যতটা সম্ভব টাকা উপার্জন করব, তারপর প্রোডাকশনে যাব।”
রিমি সেন
পরিকল্পনা অনুযায়ী, রিমি সেন একটি সিনেমা প্রযোজনা করেছিলেন। তা জানিয়ে এই অভিনেত্রী বলেন, “আমি ‘বুধিয়া সিং’ (২০১৬) সিনেমা প্রযোজনা করেছিলাম, এটি ন্যাশনাল অ্যাওয়ার্ড জিতেছিল। কিন্তু তারপর খুব তাড়াতাড়ি ব্যবসার দিকে চলে যাই। আমি এখন অনেক বেশি নিরাপদ। ক্যামেরার সামনে থাকার চাপ নেই, সময় নষ্ট হওয়ার ভয় নেই। দিন শেষে সবাই আর্থিক নিরাপত্তা আর স্বাধীনতা চায়।”
রিমির জন্ম ও বেড়ে ওঠা
১৯৮১ সালের ২১ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের কলকাতায় একটি বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেন রিমি সেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। কলকাতার জ্যোতিষ রোডে পরিবারের সঙ্গে বসবাস করতেন। পরবর্তীতে মাকে সঙ্গে নিয়ে মুম্বাই পাড়ি জমান। তবে মাকে রাজি করানো সহজ ব্যাপার ছিল না। শৈশবেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন বুনেছিলেন রিমি। কিন্তু তার দাদা ছাড়া শোবিজে কাজ করতে পরিবারের অন্যরা উৎসাহ দেননি।
রিমি সেন
রিমির অভিনয় ক্যারিয়ার
পরিবার থেকে খুব বেশি সমর্থন না পেলেও রিমি সেন বেশ কিছু বিজ্ঞাপনে কাজ করেন। পরে কোকা কোলার একটি বিজ্ঞাপনে আমির খানের সঙ্গে অভিনয় করেন। ২০০০ সালে ভারতীয় বাংলা ‘পারমিতার এক দিন’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে তার। পরের বছরই ‘আইদ না মোডিশ প্রেমা লেখা’ সিনেমার মাধ্যমে তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন। ২০০৩ সালে ‘হাঙ্গামা’ সিনেমা দিয়ে বলিউডে পা রাখেন। পরবর্তীতে তিনটি বাংলা, ১৫টি হিন্দি, তিনটি তেলেগু ভাষার সিনেমায় অভিনয় করেন। তার অভিনীত সর্বশেষ সিনেমা ‘শাগরিদ’। হিন্দি ভাষার এ সিনেমা ২০১১ সালে মুক্তি পায়।
*এনডিটিভি অবলম্বনে
ঢাকা/শান্ত