নির্বাচনে পেশাদারিত্ব অক্ষুণ্ণ রাখা নৈতিক দায়িত্ব: সিআইডি প্রধান
সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ।
সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ বলেছেন, “নির্বাচনি দায়িত্ব সিআইডিসহ সমগ্র বাংলাদেশ পুলিশ সদস্যদের জন্য একটি পবিত্র আমানত। এই দায়িত্ব পালনে নিরপেক্ষতা, সততা ও পেশাদারিত্ব অক্ষুণ্ণ রাখা আমাদের নৈতিক দায়িত্ব।”
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সিআইডি সদর দপ্তরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সিআইডির মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের জন্য অনুষ্ঠিত ব্রিফিংয়ে সিআইডি প্রধান এই কথা বলেন।
তিনি বলেন, “মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করতে যাওয়া সিআইডির সব পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স ইতোমধ্যে করণীয় ও বর্জনীয় বিষয়ে বিশেষ নির্বাচনি প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এছাড়াও নির্বাচনি এলাকায় স্থানীয় পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা নির্বাচন প্রাক্কালে প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ ব্রিফিং প্রদান করবেন। সবাইকে নির্বাচন সংক্রান্তে নিয়োজিত বিভিন্ন বাহিনী ও প্রতিষ্ঠানের সঙ্গে সুসমন্বয় করে দায়িত্ব পালন করতে হবে, যাতে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত হয়।”
সিআইডি প্রধান বলেন, “নির্বাচনকালীন নিজের খাবারসহ অন্যান্য ব্যক্তিগত প্রয়োজনীয়তার ব্যবস্থা নিজেকেই করতে হবে। কোনো প্রকার খাবার বা অন্য কোনো সহযোগিতা কারো কাছ থেকে গ্রহণ করা যাবে না, যাতে কোনোভাবেই নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ না হয়।”
নির্দেশনা প্রদান করেন ছিবগাত উল্লাহ বলেন, “দায়িত্বরত কোনো পুলিশ সদস্য নির্বাচন সংক্রান্ত ছবি, পোস্ট, মন্তব্য বা তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করতে পারবেন না। কোনো প্রার্থী বা রাজনৈতিক ব্যক্তির সঙ্গে ছবি তোলা এবং রাজনৈতিক ব্যক্তিবর্গের কাছ থেকে কোনো ধরনের সহযোগিতা গ্রহণ থেকে বিরত থাকতে হবে।”
তিনি বলেন, “আমি পূর্ণ আস্থা রাখি যে, আপনাদের নিষ্ঠা, পেশাদারিত্ব ও দায়িত্ববোধের মাধ্যমে আমরা একটি অসাধারণ সুন্দর, শান্তিপূর্ণ এবং নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে সক্ষম হব। এটি হবে আমাদের সবার জন্য গৌরবের বিষয়।”
ঢাকা/এমআর/এসবি