ধানের শীষের প্রচারে গিয়ে সাবেক আ.লীগ নেতা বললেন, ‘আমাদের একটা ছাতা দরকার’
রাজশাহী সংবাদদাতা || রাইজিংবিডি.কম
সুনন্দন দাস।
রাজশাহীর গোদাগাড়ীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এক নেতা বিএনপির প্রার্থীর প্রচারে নেমেছেন। ধানের শীষে ভোট চাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ওই আওয়ামী লীগ নেতার নাম সুনন্দন দাস। তিনি গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক সহপ্রচার সম্পাদক। ২০২৪ সালে উপজেলা চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন।
গত মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী সাব্বির রহমান ফেসবুকে ৫৩ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, সুনন্দন দাস রতন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের বিএনপির প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনের পক্ষে ভোট চাইছেন।
এ সময় তিনি স্থানীয় কয়েকজনকে উদ্দেশ্য করে বলেন, দলমত নির্বিশেষে সবাইকে এবার ধানের শীষে ভোট দিতে হবে।
পাশাপাশি তিনি বলেন, আমাদের একটা ছাতা দরকার। তার এই বক্তব্য নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে সুনন্দন দাস স্বীকার করেন ভিডিওটি তার। কয়েকদিন আগে মোহনপুর ইউনিয়নে ধানের শীষের প্রচারের সময় ধারণ করা।
তিনি বলেন, মাঝে মধ্য ধানের শীষের প্রচারে অংশ নিচ্ছি। কারো নির্দেশনায় প্রচারে নেমেছেন কি না, এমন প্রশ্নের জবাবে সুনন্দন দাস জানান, অনেকেই করছেন, তাই তিনিও করছেন।
ধানের শীষের পক্ষে সুনন্দন দাসের ভোট চাওয়ারি ভিডিও ফেসবুকে পোস্ট করে সাব্বির রহমান লিখেছেন, দীর্ঘদিন আওয়ামী লীগের পদ ও সুযোগ-সুবিধা ভোগ করে এখন নিজ স্বার্থে বিএনপির জন্য ভোট চাওয়া বিশ্বাসঘাতকতা।
গোদাগাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম বলেন, “শুনেছি আ.লীগ নেতা সুনন্দন দাস ধানের শীষের প্রচার চালাচ্ছেন। যদি করে থাকেন তাহলে সে নিজের ইচ্ছায় করেছেন। এখন কেউ যদি নিজ ইচ্ছায় ধানের শীষের প্রচার করেন আমরা তো কিছু বলতে পারি না।”
ঢাকা/মাহী/রাজীব