‘নির্বাচন কমিশনের চোখ কি অন্ধ?’ প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম
নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি: রাইজিংবিডি
ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটপ্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘‘নির্বাচন কমিশনের চোখ কী অন্ধ? নির্বাচন কমিশন দ্বৈত নাগরিক, ঋণ খেলাপিদের নির্বাচনের সুযোগ দিয়েছে। ইসি আগে গোল দিয়ে দিলে জনগণ কীভাবে ভোট দেবে?’’
বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর ইত্তেফাক মোড়ে বঙ্গভবন স্টাফ কোয়ার্টার জামে মসজিদ এলাকায় নির্বাচনি প্রচারণাকালে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি বলেন, ‘‘তারেক রহমান যে প্ল্যানের কথা বলেছিলেন তারই অংশ হচ্ছে জামায়াত আমিরের আইডি হ্যাক করা। বঙ্গভবন স্টাফ কোয়ার্টারে আমাদের প্রচারণা চালাতে দেওয়া হয়নি। ভোট কেন্দ্র দেখতে চেয়েছিলাম।’’
‘‘মিডিয়া হাউজের ওপর প্রেসার দেওয়া হচ্ছে। সত্য সংবাদ প্রকাশ করতে দেওয়া হচ্ছে না। মিডিয়া-প্রশাসন পক্ষ নিয়ে ফেলেছে। অসম ফিল্ড তৈরি করে রাখা হয়েছে। লেভেল প্লেয়িং ফিল্ড নেই। কতটুকু ক্রেডিবল ইলেকশন হবে সেটি আশঙ্কাজনক।’’
তিনি আরো বলেন, ‘‘ব্যবসায়ীদের বাধ্য করে সভায় নেওয়া হচ্ছে। বিভিন্ন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভয়ভীতি দেখানো হয়েছে। রাতের আঁধারে আমার পোস্টার-বিলবোর্ড খুলে নেওয়া হচ্ছে। নারী কর্মীদের হেনস্থা-হামলা করা হচ্ছে।’’
এনসিপির মুখ্য সমন্বয়ক অভিযোগ করে বলেন, ‘‘গণ-অভ্যুত্থানের পর একমাত্র বিএনপির কারণে পরিবর্তন করা যায়নি।’’
তিনি এ সময় নির্বাচনি অঙ্গীকার তুলে ধরে বলেন, ‘‘আমার আসনের স্কুলগুলোতে ভর্তি বাণিজ্য বন্ধ করতে চাই। মাদকমুক্ত ঢাকা-৮ গড়তে চাই। কাঁচাবাজার মাল্টি কমপ্লেক্স বানাবো। হকারদের লাইসেন্স দেব। কর্মজীবী নারীদের নিরাপত্তা দেব। যানজট নিরসনে কাজ করবো। আইনশৃঙ্খলা ঠিক করতে কাজ করবো।’’
ঢাকা/রায়হান//