ঢাকা     শুক্রবার   ০৮ মে ২০২৬ ||  বৈশাখ ২৫ ১৪৩৩ || ২১ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

টয়লেটে মিলল শিশুর লাশ, আটক ৩

শেরপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৮, ৮ মে ২০২৬  
টয়লেটে মিলল শিশুর লাশ, আটক ৩

শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাশের বাড়ির টয়লেট থেকে ৭ বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (৮ মে) বিকেলে নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের পানিহাতা গ্রামে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। 

নিহত শিশুর নাম সানজিদা (৭)। সে পানিহাতা বাসিন্দা আমিনুল ইসলামের মেয়ে। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার (৭ মে) বিকেলে সানজিদা পাশের বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এর পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। আত্মীয়স্বজনের বাড়িসহ আশপাশের এলাকায় মাইকিং করেও তার সন্ধান মেলেনি। নিখোঁজের দীর্ঘ ২২ ঘণ্টা পাশের বাড়ির টয়লেট থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়।

এলাকাবাসী জানিয়েছেন, সানজিদা চার বছর বয়সে মাকে হারায়। বাবা আমিনুল ইসলাম মানসিক ভারসাম্যহীন হওয়ায় দীর্ঘদিন ধরে নানার বাড়িতেই বড় হচ্ছিল সে। অসহায় এ শিশুর এমন মর্মান্তিক মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না স্থানীয়রা। 

তাদের দাবি, ঘটনাটি অত্যন্ত রহস্যজনক। দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান বলেছেন, “পাশের বাড়ির টয়লেট থেকে ৭ বছর বয়সী মেয়ে শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

ঢাকা/তারিকুল/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়