ঢাকা     বৃহস্পতিবার   ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মুফতি আমির হামজার ফেসবুক পেজ উধাও, থানায় জিডি 

কুষ্টিয়া প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৯, ৫ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ২০:৪৩, ৫ ফেব্রুয়ারি ২০২৬
মুফতি আমির হামজার ফেসবুক পেজ উধাও, থানায় জিডি 

মুফতি আমির হামজা। ছবি সংগৃহীত

কুষ্টিয়া-৩ আসনে জামায়াতের সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজার ফেসবুক একাউন্ট রাজনৈতিক উদ্দেশে পরিকল্পিতভাবে রিপোর্ট করে নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আমির হামজা বিষয়টি জানিয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে আমির হামজা এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, চলমান নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে মুফতি আমির হামজার জনপ্রিয়তা ও গণসংযোগ কার্যক্রমে বাধা সৃষ্টি করতেই একটি চক্র সংঘবদ্ধভাবে তার ফেসবুক আইডি রিপোর্ট করে বন্ধ করে দেয়। ফলে দীর্ঘদিন ধরে ব্যবহৃত আইডিটি তিনি খুঁজে পাচ্ছেন না। 

এ প্রসঙ্গে আমির হামজার কর্মীরা জানান, এটি একটি পরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্র। সামাজিক যোগাযোগমাধ্যমে তার বক্তব্য, কর্মসূচি ও ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের পক্ষে প্রচারণা সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। এতে প্রতিপক্ষ রাজনৈতিক গোষ্ঠী উদ্বিগ্ন হয়ে এ ধরনের ডিজিটাল হামলার পথ বেছে নিয়েছে।

আমির হামজার নির্বাচনি তথ্যপ্রযুক্তি পরিচালনা সূত্রে জানা যায়, আমির হামজার অফিসিয়াাল ফেসবুক পেইজ গত কয়েক দিন ধরে একটি সংঘবদ্ধ অপশক্তির পরিকল্পিত ভুয়া কপিরাইট স্ট্রাইক ও সাইবার আক্রমণের শিকার হয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় আজ ফেসবুকের মূল প্রতিষ্ঠান ‘মেটা’ সাময়িকভাবে পেইজটি অপসারণ করেছে। এটি কোনো নীতিমালা লঙ্ঘনের কারণে নয়, বরং উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা অভিযোগ ও ভুয়া রিপোর্টিংয়ের ফলে এটি ঘটেছে। 

ইতোমধ্যে পেইজ পুনরুদ্ধারের জন্য মেটা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং প্রয়োজনীয় সকল তথ্য ও প্রমাণ উপস্থাপনের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে। 

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম একটি গুরুত্বপূর্ণ প্রচার মাধ্যম। এমন অবস্থায় কোনো প্রার্থীর আইডি বন্ধ করে দেওয়া মত প্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি হস্তক্ষেপ এবং গণতান্ত্রিক পরিবেশের জন্য হুমকি।

এ প্রসঙ্গে মুফতি আমির হামজা বলেন, ‘‘একটি চক্র ঈর্ষান্বিত হয়ে আমার জনপ্রিয়তা নষ্ট করতে মরিয়া হয়ে উঠেছে। তারা আমার আইডির উপর আক্রমণ চালিয়েছে। তারা যত ষড়যন্ত্রই করুক বাংলাদেশ জামায়াতে ইসলামীকে কখনই ঠেকাতে পারবে না। তারা আমির হামজার কর্মকাণ্ড সাময়িকভাবে বাধাগ্রস্ত করতে পারে। কিন্তু দাড়িপাল্লার বিজয় ঠেকাতে পারবে না।’’ 

এ ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় আমির হামজা সাধারণ ডায়েরি করেছেন।

ঢাকা/কাঞ্চন//

সর্বশেষ

পাঠকপ্রিয়