ঢাকা     বুধবার   ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নরসিংদীর রায়পুরায় ৬৬ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, নিরাপত্তা নিয়ে তোড়জোড়

নরসিংদী প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৭, ৪ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১১:৫৯, ৪ ফেব্রুয়ারি ২০২৬
নরসিংদীর রায়পুরায় ৬৬ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, নিরাপত্তা নিয়ে তোড়জোড়

রায়পুরা থানা

চার নদীর কোলঘেঁষা নরসিংদীর রায়পুরা- বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উপজেলা- আবারও ফিরছে নির্বাচনী উত্তাপে। ২৪টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত নরসিংদী-৫ (রায়পুরা) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে এখন সর্বত্র হিসাব-নিকাশ আর প্রস্তুতির ব্যস্ততা।

এ আসনে মোট ভোটার ৪ লাখ ৯৪ হাজার ৬৫১ জন। নারী-পুরুষের পাশাপাশি ভোটার তালিকায় রয়েছেন ১৫ জন তৃতীয় লিঙ্গের ভোটারও। ভোটগ্রহণ হবে ১৬৭টি কেন্দ্রে, যেখানে ব্যবহৃত হবে ৯৮১টি কক্ষ।

আরো পড়ুন:

নির্বাচন সুষ্ঠু রাখতে আইনশৃঙ্খলা বাহিনী আগেভাগেই মাঠে নেমেছে। ১৬৭টি কেন্দ্রের মধ্যে ৬৬টিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে, যার ২১টি কেন্দ্রকে ধরা হয়েছে বিশেষ গুরুত্বপূর্ণ। এসব কেন্দ্র ঘিরে থাকছে বাড়তি নিরাপত্তা, বসানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা। রায়পুরায় সেনাবাহিনীর ক্যাম্প স্থাপনসহ নিয়মিত টহল দিচ্ছে সেনা সদস্যরা, সঙ্গে রয়েছে বিজিবি ও পুলিশ।

রাজনৈতিক মাঠেও উত্তাপ কম নয়। বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে লড়ছেন কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক আশরাফ উদ্দিন। দলের সিদ্ধান্ত উপেক্ষা করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে নেমেছেন জেলা বিএনপির সদ্য সাবেক সহ সভাপতি জামাল আহমেদ চৌধূরী। ইসলামী আন্দোলন, ১১ দলীয় জোটসহ বিভিন্ন দল ও স্বতন্ত্র মিলিয়ে মোট ১০ জন প্রার্থী ভোটের লড়াইয়ে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রায়পুরা থানা পুলিশ সেনাবাহিনীর সঙ্গে যৌথ অভিযান চালাচ্ছে। সম্প্রতি চরাঞ্চলে অভিযানে উদ্ধার হয়েছে দুটি অস্ত্র। নির্বাচনী দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের দেওয়া হয়েছে ৫৫টি বডি অন ক্যামেরা, যাতে প্রতিটি মুহূর্ত নজরদারিতে থাকে।

উপজেলা প্রশাসনের ভাষ্য অনুযায়ী, গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো চিহ্নিত করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে থাকবে ১৩ জন আনসার, একজন সশস্ত্র আনসার, পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি। বিশেষ করে দুর্গম চরাঞ্চল- মির্জারচর, চাঁনপুর ও চরমধুয়া ইউনিয়নের ১৪টি কেন্দ্রে দ্রুত যাতায়াত নিশ্চিত করতে প্রস্তুত রাখা হয়েছে স্পিডবোট।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মজিবুর রহমান বলেন, নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে থানা পুলিশের পাশাপাশি সেনাবাহিনী নিয়ে বিভিন্ন সময় অভিযান পরিচালনা করা হচ্ছে। সবশেষ গত সোমবার চরাঞ্চলে অভিযানে দুটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়াও নির্বাচনী দায়িত্বের জন্য ৫৫টি বডি অন ক্যামেরা দেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বিশেষ নজর দিবে পুলিশ।

ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর বিষয়ে জানতে চাইলে রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, বিভিন্ন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রায়পুরা উপজেলার ৬৬টি ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ এবং ২১টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রগুলোর ব্যাপারে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করা হচ্ছে। প্রতিটি কেন্দ্রে ১৩ জন আনসার ও প্রিজাইডিং অফিসারের নিরাপত্তায় একজন সশস্ত্র আনসার থাকবে। এছাড়াও পুলিশ সদস্য, সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন থাকবে।

তিনি আরো জানান, চরাঞ্চলের মধ্যে সবচেয়ে দুর্গম অঞ্চল এলাকা মির্জারচর, চাঁনপুর ও চরমধুয়া ইউনিয়নে ১৪টি কেন্দ্র রয়েছে। যেগুলোতে যানবাহন চলাচল করা অসম্ভব, সেসব কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেন দ্রুত যেতে পারেন সেজন্য স্পিডবোটের ব্যবস্থা করা হবে এবং অভ্যন্তরীণ চলাচলের জন্য ফোর্স থাকবে।

ঢাকা/হৃদয়/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়