ঢাকা     বুধবার   ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিএনপি কর্মী যোগদানের দাবি জামায়াতের, সাজানো নাটক বলছে বিএনপি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৮, ৪ ফেব্রুয়ারি ২০২৬  
বিএনপি কর্মী যোগদানের দাবি জামায়াতের, সাজানো নাটক বলছে বিএনপি

চাঁপাইনবাবগঞ্জে বিএনপি নেতাকর্মীদের বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদানের দাবি ঘিরে রাজনীতিতে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে। জামায়াত ধারাবাহিকভাবে বিএনপি কর্মীদের দলে ভেড়ানোর কথা প্রচার করলেও বিএনপি সেটিকে সাজানো ফটোসেশন ও উদ্দেশ্যপ্রণোদিত গুজব বলে সরাসরি প্রত্যাখ্যান করেছে। 

জামায়াতে ইসলামীর প্রচার অনুযায়ী, চলতি বছরের ২২ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ ও নাচোল উপজেলায় কয়েক দফায় দুই শতাধিক বিএনপি নেতাকর্মী দলত্যাগ করে তাদের সঙ্গে শামিল হয়েছেন। এর মধ্যে ১ ফেব্রুয়ারি শিবগঞ্জের ধাইনগর ইউনিয়নে অন্তত ৮০ জন বিএনপি নেতাকর্মীর যোগদানের কথা জানানো হয়।

আরো পড়ুন:

এছাড়া, গত ৩১ জানুয়ারি সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নে ২৫ জন, ৩০ জানুয়ারি শিবগঞ্জের দাইপুকুরিয়া ইউনিয়নে ৬০ জন এবং ২৭ জানুয়ারি মোবারকপুর ইউনিয়নে ২২ জন বিএনপি কর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দেন। প্রতিটি কর্মসূচিতেই জামায়াত নেতারা নবাগতদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন। উল্লেখযোগ্য বিষয় হলো- জামায়াতের পক্ষ থেকে যোগদানকারী এসব ব্যক্তিদের বিএনপির কোনো নির্দিষ্ট দলীয় পদ-পদবি উল্লেখ করা হয়নি।

বিএনপি পরিচয়ে জামায়াতে ভেড়ানোর এই দাবির বিপরীতে শিবগঞ্জের দাইপুকুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম এক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নে বিএনপির নেতাকর্মীরা জামায়াতে যোগ দিয়েছেন-এমন খবর সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার। যাদের নিয়ে এই গুজব ছড়ানো হচ্ছে, তারা বিএনপির কোনো নেতাকর্মী নন এবং অতীতে বিএনপির কোনো সাংগঠনিক পদে ছিলেন না। একটি স্বার্থান্বেষী মহল রাজনৈতিক বিভ্রান্তি সৃষ্টি ও বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য এ ধরনের অপপ্রচার চালাচ্ছে। 

এই ইউনিয়নে বিএনপি ঐক্যবদ্ধ ও সুসংগঠিত উল্লেখ করে বিজ্ঞপ্তিতে সাধারণ জনগণকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানানো হয়। অপপ্রচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে ধানের শীষের প্রার্থী অধ্যাপক মো. শাহজাহান মিঞা বলেন, “একটি আদর্শিক দল হলো বিএনপি। ফলে একজন কর্মীরও দলত্যাগ করে জামায়াতে যোগ দেওয়ার প্রশ্নই ওঠে না। বিএনপি একটি শক্তিশালী ও জনপ্রিয় রাজনৈতিক দল, ১২ তারিখের নির্বাচনে ধানের শীষের জোয়ার দেখে গুজব ছড়াতে জামায়াত নানা ধরনের ষড়যন্ত্র করছে।” 

তিনি বলেন, “জামায়াত থেকে অনেকে বিএনপিতে যোগ দিয়েছেন, যার অসংখ্য উদাহরণ আমি দিতে পারি। তবে, বিষয়টি আমরা প্রচারের জন্য ব্যবহার করতে চাই না। বিএনপির কেউ জামায়াতে যোগ দিয়েছে- এই দাবি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন গুজব। এসব গুজবে কান না দিয়ে সবাইকে সচেতন থাকতে হবে।”

বিএনপি চেয়ারম্যানের আরেক উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে দলটির প্রার্থী হারুনুর রশীদ বলেন, “এটি ভুয়া-ভুয়া। জামায়াত তাদের কর্মীদের গলায় মালা পরিয়ে এসব অপপ্রচার করছে। এখানে কিছু সংখ্যক আওয়ামী লীগের কর্মী থাকতে পারে।”

রাজশাহী মহানগর জামায়াতের আমির ও চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের প্রার্থী ড. কেরামত আলীর সঙ্গে যোগাযোগ করা হলেও বক্তব্য পাওয়া যায়নি। তবে এ বিষয়ে কথা বলেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের আমির আবু জার গিফারি। তিনি বলেন, ‘“আমরা (জামায়াতে ইসলামী) যা বলি তা সঠিক ও বাস্তব। এখন কেউ (বিএনপি) যদি সেটা ভিন্ন ব্যাখা দেয়, তাহলে সেটা তাদের ব্যক্তিগত বিষয়- এ বিষয়ে কিছু বলার নেই। যেটা সঠিক, আমরা সেটাই বলছি।”

কতজন বিএনপির পদধারী নেতাকর্মী জামায়াতে যোগ দিয়েছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “এটা খোঁজ নিয়ে জেনেশুনে বলতে পারব। তাদের সাংগঠনিক যে পোস্ট এই মূহুর্তে আমার জানা নেই।”

ঢাকা/মেহেদী/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়