ঢাকা     বুধবার   ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বেঁচে থাকতে জামায়াতকে ক্ষমতায় আসতে দেবো না: মিন্টু

ফেনী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫১, ৩ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ২৩:১১, ৩ ফেব্রুয়ারি ২০২৬
বেঁচে থাকতে জামায়াতকে ক্ষমতায় আসতে দেবো না: মিন্টু

বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ আসনে দলটির মনোনীত প্রার্থী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, “জামায়াত ইসলাম মুনাফেকের দল। এ মুনাফেকদের কোনোদিন কোনোকালে বাংলাদেশের ক্ষমতায় আসতে দেওয়া হবে না। অন্তত যত দিন আমি বেঁচে আছি, এদেরকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না।”

তিনি বলেন, “এরা সব সময় মানুষের পিছে খোঁচাখুঁচি করার জন্য কাজ করে। এরা এ দেশের কোনো উন্নয়ন তো করবেই না, বরং এ দেশকে এরা সিরিয়া-লেবানন বানিয়ে ফেলবে।”

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফেনীর সোনাগাজী পৌরসভা চত্বরে নির্বাচনি পথসভায় তিনি এসব কথা বলেন। এ সময় জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ফেনী-৩ আসনের ভোটারদের উদ্দেশে আবদুল আউয়াল মিন্টু বলেন, “আপনাদের প্রতি আমার আকুল আবেদন, কোনোদিন কোনোকালে জামায়াতে ইসলামীর কেউ যেন একটা মেম্বারও না হতে পারে। এরা জনগণের উন্নয়ন চায় না। এরা চায় মারামারি। এরা করে মুনাফেকি। এরা বলে মিথ্যা কথা। এরা সুযোগসন্ধানী।” 

তিনি বলেন, “এদেরকে কোনোভাবেই আর কোনো সুযোগ দেওয়া হবে না। দাগনভূঞা ও সোনাগাজীতে আল্লাহর রহমতে এদেরকে আর সুযোগ দেওয়া হবে না।”

বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, “আপনাদের কাছে আজকে এসেছি ধানের শীষে একটা ভোট চাওয়ার জন্য। আগেই বলেছি, ধানের শীষে ভোট দিয়ে যদি বিএনপিকে আমরা রাষ্ট্রক্ষমতায় আনতে পারি এবং আমাদের যোগ্য নেতা তারেক রহমান যদি সরকার প্রধান হন, আল্লাহর রহমতে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে।”

তিনি বলেন, “আমাদের ফেনী-৩ আসনের মা-বোনদের ভোট পুরুষদের তুলনায় বেশি। আপনারা বাড়ি বাড়ি গিয়ে মা-বোনদের বলবেন, যেন ১২ তারিখে ধানের শীষে একটা ভোট দেন। তাহলে আমি একটা সুযোগ পাবো। সে সুযোগের আমি সদ্ব্যবহার করব।”

এ সময় কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সোনাগাজী উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা শাহ আক্তার শানু, ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাব্বি উল্যাহ মানিক, সোনাগাজী উপজেলা বিএনপি ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক জায়নাল আবেদীন বাবলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন সেন্টু, সদস্য সচিব সৈয়দ আলম ভূঞা এবং উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঞা প্রমুখ উপস্থিত ছিলেন। 

ঢাকা/সাহাব উদ্দিন/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়