ঈদের শুভেচ্ছা নাকি আগাম প্রচার, ব্যানার-ফেস্টুনে ঢেকে যাচ্ছে গাজীপুর
রফিক সরকার, গাজীপুর পূর্ব || রাইজিংবিডি.কম
গাজীপুরের শ্রীপুর, কাপাসিয়া ও কালীগঞ্জ উপজেলায় পবিত্র ঈদ উপলক্ষে শুভেচ্ছা বিনিময়ের চিত্র এবার যেন ভিন্ন মাত্রা পেয়েছে। শহর ও গ্রামজুড়ে রঙিন ব্যানার, ফেস্টুন, পোস্টার আর তোরণে ছেয়ে গেছে জনবহুল এলাকা, বাজার ও গুরুত্বপূর্ণ সড়কের মোড়গুলো। তবে, এসব আয়োজন শুধু ঈদের শুভেচ্ছা বিনিময়ে সীমাবদ্ধ নেই; এর আড়ালে আছে স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে আগাম প্রচার।
সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সড়কের পাশের দেয়ালে, বিদ্যুতের খুঁটিতে, এমনকি গাছেও ঝুলছে অসংখ্য পোস্টার ও ব্যানার। ‘ঈদ মোবারক’ বার্তার সঙ্গে যুক্ত করা হয়েছে সম্ভাব্য প্রার্থীদের ছবি, নাম ও পদবি। কোথাও কোথাও আবার সরকারি-বেসরকারি স্থাপনা ও বাসাবাড়ির দেয়ালও দখলে নিয়েছে এসব পোস্টার।
স্থানীয়রা জানিয়েছেন, মূলত দুটি বড় রাজনৈতিক দলের নেতারা প্রচারের প্রতিযোগিতায় লিপ্ত। তবে, সংখ্যার দিক থেকে সরকারদলীয় নেতাকর্মীদের উপস্থিতিই বেশি চোখে পড়ছে। অনেকেই নিজেদের পরিচয় তুলে ধরে আসন্ন উপজেলা, পৌরসভা কিংবা ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থিতার ঈঙ্গিত দিচ্ছেন। কেউ সরাসরি ইঙ্গিত দিচ্ছেন, আবার কেউ জনসেবার প্রতিশ্রুতি দিয়ে জনমত গঠনের চেষ্টা করছেন।
শ্রীপুর, কাপাসিয়া ও কালীগঞ্জে ইতোমধ্যে বিভিন্ন সম্ভাব্য প্রার্থী ঈদের শুভেচ্ছা জানিয়ে ব্যাপক প্রচার চালিয়েছেন। তাদের মধ্যে আছেন উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মেয়র পদপ্রত্যাশীরা। অনেকেই ব্যানার-ফেস্টুনে দোয়া চেয়ে নিজেদের প্রার্থী হিসেবে তুলে ধরেছেন, আবার কেউ কেবল শুভেচ্ছা বার্তায় সীমাবদ্ধ থেকেছেন। তবে, ভোটারদের ধারণা, সবকিছুর মূল লক্ষ্য— আসন্ন স্থানীয় সরকার নির্বাচন।
একাধিক সম্ভাব্য প্রার্থী জানিয়েছেন, দীর্ঘদিন ধরে তারা এলাকায় রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। ঈদের সময়টিকে তারা জনগণের সঙ্গে যোগাযোগের সুযোগ হিসেবে দেখছেন। ভবিষ্যতে নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য, সড়ক উন্নয়ন ও বর্জ্য ব্যবস্থাপনায় কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেছেন তারা।
তবে এ প্রচার নিয়ে মতভেদও আছে। সচেতন নাগরিকদের কেউ কেউ মনে করছেন, অনুমতি ছাড়াই যত্রতত্র ব্যানার-ফেস্টুন লাগানোয় নষ্ট হচ্ছে সৌন্দর্য। বিশেষ করে, গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ঝুলন্ত ব্যানারের কারণে সিসি ক্যামেরার কার্যকারিতা কমে যাচ্ছে এবং যান চলাচলেও সৃষ্টি হচ্ছে প্রতিবন্ধকতা।
স্থানীয় সচেতন মহলের ভাষ্য, আত্মপ্রচারের এই প্রতিযোগিতা ক্রমেই অস্বাস্থ্যকর রূপ নিচ্ছে। তারা মনে করেন, যথাযথ নিয়ন্ত্রণ না থাকলে এটি নগর ব্যবস্থাপনা ও জননিরাপত্তার জন্যও ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে।
সব মিলিয়ে, ঈদের শুভেচ্ছা বিনিময়ের আড়ালে গাজীপুরে এখন শুরু হয়ে গেছে নির্বাচনি হাওয়া, যেখানে উৎসবের রঙ মিশে গেছে রাজনৈতিক বার্তার সঙ্গে।
ঢাকা/রফিক
সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন ৫ দিনের রিমান্ডে