দেশ গঠনে অবদান রাখলে কর্মকর্তা-কর্মচারীরা স্বীকৃতি পাবেন: কৃষিমন্ত্রী
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
দেশ গঠনে অবদান রাখা কর্মকর্তা-কর্মচারীদের যথাযথ মূল্যায়ন ও স্বীকৃতি দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
মঙ্গলবার (২৪ মার্চ) সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঈদুল ফিতর-পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
কৃষি মন্ত্রী বলেন, “কর্মকর্তা-কর্মচারীদের কাজের স্বীকৃতি নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে।” একই সঙ্গে তিনি আধুনিক দৃষ্টিভঙ্গি গ্রহণ, যুগোপযোগী উদ্ভাবন এবং প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তার মতে, কর্মকর্তাদের উদ্যোগে এ ধরনের পরিবর্তন এলে দেশের সামগ্রিক উন্নয়ন আরো ত্বরান্বিত হবে।
ঈদের আনন্দ মানুষের জীবনে দীর্ঘস্থায়ী হোক এমন প্রত্যাশা ব্যক্ত করে মন্ত্রী বলেন, “সেমাই, শিন্নি ও পোলাওসহ আমাদের ঐতিহ্যবাহী ঈদ উদযাপন দেশের সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ।” এই ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি আগামী প্রজন্মের জন্য উন্নত মূল্যবোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
দেশের উন্নয়ন ও মানবিক দায়িত্ব পালনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে মন্ত্রী দেশবাসীর সুখ, শান্তি ও কল্যাণ কামনা করেন।
অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. ইমাম উদ্দীন কবীরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকা/এএএম/জান্নাত
সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন ৫ দিনের রিমান্ডে