কুষ্টিয়ায় তেলের জন্য ভিড়, তীব্র যানজটে সড়কে বিশৃঙ্খলা
কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কুষ্টিয়া শহরের ব্যস্ততম মজমপুর এলাকায় জ্বালানি তেলের সংকটকে কেন্দ্র করে চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে। তেল নিতে আসা মোটরসাইকেল চালকদের ভিড়ে পুরো এলাকায় সৃষ্টি হয়েছে বিশৃঙ্খল পরিস্থিতি।
মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ৯টা থেকে মজমপুর রেলগেট সংলগ্ন ‘কুষ্টিয়া স্টোরস ফিলিং স্টেশন’-এ তেল নিতে আসা চালকদের ভিড় বাড়তে থাকে। সরেজমিনে দেখা যায়, পাম্পে তেল আসার খবর ছড়িয়ে পড়তেই সকাল থেকেই শত শত মোটরসাইকেল চালক সেখানে জড়ো হন।
পাম্পের ভেতরে জায়গা না থাকায় চালকরা প্রধান সড়কের ওপরই মোটরসাইকেল রেখে এলোমেলোভাবে লাইনে দাঁড়ান। এতে মজমপুর রেলগেট থেকে শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল প্রায় সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
রাস্তার ওপর দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকায় সড়কের দুই পাশে ট্রাক, বাসসহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। বিশেষ করে অফিসগামী মানুষ পড়েন চরম ভোগান্তিতে।
পাম্প কর্তৃপক্ষ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, চাহিদার তুলনায় জ্বালানি তেলের সরবরাহ কম থাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাছাড়া, কোনো সুশৃঙ্খল ব্যবস্থাপনা না থাকায় চালকরা আগে তেল নেওয়ার প্রতিযোগিতায় নামেন, যা যানজটকে আরো বাড়িয়ে তোলে। ঘণ্টার পর ঘণ্টা রোদে দাঁড়িয়ে থেকেও অনেকেই তেল না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন।
মোটরসাইকেল চালক কামাল উদ্দিন বলেন, “সকাল ৭টা থেকে লাইনে দাঁড়িয়ে আছি। কিন্তু সিরিয়াল রাস্তার মাঝখানে চলে আসায় যানজট লেগে গেছে। এতে আমরা যেমন ভোগান্তিতে পড়েছি, তেমনি সাধারণ মানুষও কষ্ট পাচ্ছে।”
অন্যদিকে, আটকে পড়া এক বাস চালক ক্ষোভ প্রকাশ করে বলেন, “রাস্তা বন্ধ করে এভাবে তেল নেওয়ার কোনো মানে হয় না। প্রশাসনের উচিত দ্রুত ব্যবস্থা নেওয়া।”
সার্বিকভাবে, জ্বালানি সংকট ও অব্যবস্থাপনার কারণে মজমপুর এলাকায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরো খারাপ হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
ঢাকা/কাঞ্চন/জান্নাত
সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন ৫ দিনের রিমান্ডে