‘এপ্রিলেই কমবে যানজট’
রাজধানী ঢাকার দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে স্বল্পমেয়াদি পদক্ষেপগুলো বাস্তবায়ন করা গেলে আগামী এপ্রিলের মধ্যেই দৃশ্যমান উন্নতি আসতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন’ বিষয়ক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “রাজধানীর ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, দুই সিটি করপোরেশন, রাজউক, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এর বিশেষজ্ঞসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
তিনি জানান, স্বল্পমেয়াদে যেসব উদ্যোগ নেওয়া হয়েছে, সেগুলো দ্রুত বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
“ইনশাআল্লাহ, এপ্রিলের শেষ নাগাদ এই পরিকল্পনাগুলোর বাস্তবায়ন সম্ভব হবে। তখন রাজধানীর যানজট পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি দেখা যাবে,” বলেন তিনি।
ট্রাফিক ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার বাড়ানোর কথাও তুলে ধরেন মন্ত্রী। তিনি জানান, ইতিমধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ মোড়ে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল চালু হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে আরো কয়েকটি মোড়ে এই ব্যবস্থা চালু হবে। পর্যায়ক্রমে রাজধানীর প্রায় ১২০টি সিগন্যালই অটোমেশনের আওতায় আনা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, “মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা গেলে রাজধানীর সামগ্রিক ট্রাফিক ব্যবস্থায় কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে বলে সরকার আশা করছে।”
ঢাকা/এএএম/এসবি
সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন ৫ দিনের রিমান্ডে