মাদারীপুরে বিএনপি প্রার্থীর পক্ষে ভোট চাইলেন আ.লীগ নেতারা
মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মাদারীপুর-১ আসনে বিএনপি প্রার্থী নাদিরা আক্তারের পাশে শিবচর পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি আওলাদ খান (ডানে)।
মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপি প্রার্থী নাদিরা আক্তারের নির্বাচনি উঠান বৈঠকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের একাধিক শীর্ষ নেতার উপস্থিতি এবং যুবলীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান ঘিরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ফলে বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে অস্বস্তি দেখা দিয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে মাদারীপুরের শিবচর পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি আওলাদ খানের বাড়িতে এই উঠান বৈঠকের আয়োজন করা হয়। এ সময় নাদিরা আক্তারের পক্ষে ভোট চান শিবচর পৌর যুবলীগের সভাপতি আক্তার খান। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে স্লোগানের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, মঙ্গলবার সন্ধ্যায় উঠান বৈঠকে উপস্থিত ছিলেন শতাধিক আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী। তাদের অধিকাংশের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলা চালানোর অভিযোগ রয়েছে, মামলাও রয়েছে।
বৈঠকে বিএনপি প্রার্থীর পক্ষে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য রাখেন। এক পর্যায় শিবচর পৌর যুবলীগের সভাপতি আক্তার খান বক্তব্য দেন। তিনি বিএনপি প্রার্থী নাদিরা আক্তারের পক্ষে প্রথমে ভোট চান। পরে ‘জয় বাংলা, জয়বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে বক্তব্য শেষ করেন। এতে সাময়িক সময়ের জন্য উত্তপ্ত হয়ে উঠে পরিবেশ।
সূত্র জানায়, উঠান বৈঠকে উপস্থিত ছিলেন শিবচর পৌরসভার সদ্য সাবেক বহিষ্কৃত মেয়র ও শিবচর পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি আওলাদ হোসেন খান, শিবচর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়মী লীগের সহ-সভাপতি আতাহার রহমান বেপারী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ফাহিমা আক্তার, কাঁঠালবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মুসলেউদ্দিন (সোহেল) বেপারী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বাহেরাতলা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন হায়দার হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান মাদবর এবং স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ও মাদবরেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল হক মুন্সি।
এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে কথা বলতে রাজ হননি মাদারীপুর-১ আসনে বিএনপি প্রার্থী নাদিরা আক্তার।
মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান মুরাদ বলেন, “যারা ১৭ বছর বিএনপির নেতাকর্মীদের অত্যাচার করেছে, সেই আওয়ামী লীগ নেতাদের বিএনপির মঞ্চে নিয়ে আসা দুঃখজনক। তারা অনেকেই মামলার আসামি। বিষয়টি দলের জন্য দীর্ঘ মেয়াদী ক্ষতির কারণ হতে পারে। এ ধরনের ঘটনা আমরা প্রত্যাশা করি না।”
ঢাকা/বেলাল/মাসুদ