জামায়াত নেতা রেজাউল হত্যা মামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার
শেরপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ঝিনাইগাতী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক মাহমুদুল হাসান রুবেল।
শেরপুরে নির্বাচনি সহিংসতায় শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম হত্যা মামলায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে ঝিনাইগাতী উপজেলার বনগাঁও এলাকার বিল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান ভূঁঞা গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার ব্যক্তির নাম মাহমুদুল হাসান রুবেল (৩৪)। তিনি হত্যা মামলার ৫৫ নম্বর আসামি। মাহমুদুল হাসান রুবেল ঝিনাইগাতী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বনগাঁও এলাকায় অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। পরে বনগাঁও এলাকার বিল থেকে মাহমুদুল হাসান রুবেলকে গ্রেপ্তার করা হয়।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান ভূঁঞা বলেন, “গ্রেপ্তারকৃতকে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে আদালতে পাঠানো হবে।”
এদিকে, দলীয় নেতাকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শেরপুর জেলা স্বেচ্ছাসেবক দল।
সংগঠনটির আহ্বায়ক মো. মামুন অর রশিদ মামুন ও সদস্য সচিব মো. নিয়ামুল হাসান আনন্দ এক বিবৃতিতে জানান, এ ধরণের কর্মকাণ্ডের মাধ্যমে আসন্ন নির্বাচনকে বাঁধাগ্রস্ত করা এবং গণতান্ত্রিক অগ্রযাত্রাকে রুদ্ধ করার যেকোন অপচেষ্টা দেশের জনগণ কখনোই মেনে নেবে না। সব ষড়যন্ত্রের বিরুদ্ধে গণতন্ত্রকামী দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে। জামায়েতে ইসলামীর দায়েরকৃত মিথ্যা ও বানোয়াট মামলা প্রত্যাহারসহ অবিলম্বে গ্রেপ্তার নেতার নিঃশর্ত মুক্তির আহ্বান জানান তারা।
গত ২৮ জানুয়ারি ঝিনাইগাতী মিনি স্টেডিয়ামে শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের প্রার্থীদের ইশতেহার পাঠ অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম। ময়মনসিংহে নেওয়ার পথে সেদিন রাতেই মৃত্যু হয় তার। এ ঘটনায় ৩০ জানুয়ারি রাতে নিহতের স্ত্রী মারজিয়া ঝিনাইগাতী থানায় হত্যা মামলা করেন।
মামলায় ওই আসনের বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেলকে প্রধান আসামি করে ২৩১ জনের নামীয় ও অজ্ঞাত আরো ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়।
ঢাকা/তারিকুল/মাসুদ