ঢাকা     মঙ্গলবার   ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

লালমনিরহাটে জামায়াত প্রার্থীর মিছিলে হামলা-ভাঙচুরের অভিযোগ

লালমনিরহাট সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১১, ৩ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ০৯:১৪, ৩ ফেব্রুয়ারি ২০২৬
লালমনিরহাটে জামায়াত প্রার্থীর মিছিলে হামলা-ভাঙচুরের অভিযোগ

মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগ আনা হয়।

লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। 

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে আদিতমারী উপজেলার সাপটিবাড়ি এলাকায় জামায়াতে ইসলামীর প্রার্থী ফিরোজ হায়দার লাভলুর কর্মী- সমর্থকদের ওপর হামলা ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে।

রাতে আদিতমারী উপজেলার সাপটিবাড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে প্রার্থী ফিরোজ হায়দার লাভলু এসব অভিযোগ করেন। 

তিনি দাবি করেন, বিকেলে কালীগঞ্জের তুষভাণ্ডার থেকে সাপটিবাড়ি স্কুল মাঠে জনসভায় যোগ দিতে যাওয়ার সময় ধানের শীষের সমর্থকরা তাদের ওপর হামলা চালায়।

সংবাদ সম্মেলনে তিনি জানান, তার বহরের পেছনে থাকা কর্মীদের মোটরসাইকেল থামিয়ে বিএনপি কর্মীরা প্রথমে পোস্টার ছিঁড়ে ফেলে। এরপর মহির উদ্দিন ও অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক নূর ইসলাম সরকারকে শারীরিকভাবে লাঞ্ছিত করে মোটরসাইকেল থেকে ফেলে দেওয়া হয় এবং দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

ফিরোজ হায়দার লাভলু অভিযোগ করে বলেন, ‍“শুধু সাপটিবাড়ি নয়, একই দিন দুপুরে কমলাবাড়ি ও দুর্গাপুর ইউনিয়নেও আমাদের সমর্থকদের মারধর করা হয়েছে। আমরা ধৈর্যের পরিচয় দিচ্ছি বলে একটি সন্ত্রাসী বাহিনী নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করছে। আমি প্রশাসনের কাছে এই অপতৎপরতা বন্ধে এবং অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।”

হামলার অভিযোগের বিষয়ে জানতে বিএনপি প্রার্থী রোকনউদ্দিন বাবুলের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

লালমনিরহাট জেলা নির্বাচন অফিসার কামরুল ইসলাম বলেন, “এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে এ ধরনের ঘটনা ঘটে থাকলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।”

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, “খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।  লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা/সিপন/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়