বরিশাল-১: স্বতন্ত্রের চাপে কোনঠাসা বিএনপির স্বপন
নিকুঞ্জ বালা পলাশ, বরিশাল || রাইজিংবিডি.কম
বরিশাল-১ আসনে বিএনপির প্রার্থী জহির উদ্দীন স্বপন ও স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান (ডানে)।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ যতই এগিয়ে আসছে বরিশালের নির্বাচনি মাঠে ততই উত্তাপ ছড়াচ্ছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকরা নির্বাচনি মাঠ চষে বেড়াচ্ছেন। তারা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ভোটাররাও পছন্দের প্রার্থীকে ভোট দেবেন বলে আশ্বস্ত করছেন।
ভোটাররা মনে করছেন, বরিশাল-১ আসনে বিএনপি বমান স্বতন্ত্র (বিএনপি থেকে বহিষ্কৃত) প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। তবে, বিএনপির নেতাকর্মীরা মনে করছেন, স্বতন্ত্র প্রার্থীর কারণে ভোট ভাগাভাগির সম্ভাবনা রয়েছে। যা অন্য দলের প্রার্থীদের অনেকটা এগিয়ে দেবে। যে কারণে চাপে আছেন ধানের শীষের প্রার্থী।
বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য জহির উদ্দীন স্বপন। নির্বাচনি মাঠে তিনি ব্যাপক প্রচার চালাচ্ছেন। সংখ্যালঘু অধ্যুষিত আগৈলঝাড়া ও গৌরনদী উপজেলার প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে ভোট চাচ্ছেন তিনি। এ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন সদ্য বহিষ্কৃত বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান।
স্থানীয় ভোটাররা জানান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান নির্বাচনি মাঠে থাকায় ধানের শীষের ভোটাররা দু’ভাগে বিভক্ত হয়ে পড়ছেন। উপজেলা ও ইউনিয়ন বিএনপির পদধারী অনেক নেতা তার পক্ষে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাচ্ছেন।
বিএনপির নেতারা জানান, আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-১ আসনের দুটি উপজেলার বিএনপি নেতাকর্মীরা অনেক আগে থেকেই বিভক্ত হয়ে পড়েছেন। তাদের মধ্যে আগৈলঝাড়া উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মো. মাহাবুবুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক শোভন রহমান মনির মোল্লা, উত্তর জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক রাশেদুল ইসলাম টিটন, উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ফিরোজুর রহমান লালু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক আবু হানিফ বখতিয়ার, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক আবু সাইদ সরদারসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের সিংহভাগ নেতাকর্মী ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহানের পক্ষে কাজ করছেন।
একইভাবে গৌরনদী উপজেলায়তেও বিএনপির অনেক নেতাকর্মী স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করছেন। তাদের মধ্যে রয়েছেন- গৌরনদী উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল আউয়াল লোকমান, উপজেলা বিএনপির সহ-সভাপতি আনোয়ার সাহাদাৎ তোতা, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শাহ আলম ফকির, সাবেক ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন বাবুল, উপজেলা যুবদলের আহ্বায়ক মনির হোসেন হাওলাদারসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এ কারণে স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের চাপে অনেকটা কোনঠাসা হয়ে পড়েছেন জহির উদ্দীন স্বপন এমনটি মনে করছেন স্থানীয় বিএনপির নেতারা।
গৌরনদী উপজেলার সাবেক ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন বাবুল জানান, স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহানের পক্ষে আছেন তিনি। ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান গত ১৭ বছর আওয়ামী লীগের শাসনামলে বিএনপি কর্মীদের পাশে ছিলেন। এ কারণে নেতাকর্মীরা তার সঙ্গে আছেন।
স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহানের আগৈলঝাড়া উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও আগৈলঝাড়া উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মো. মাহাবুবুল ইসলাম বলেন, “ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান বিএনপির একজন জনপ্রিয় নেতা। তার মতো একজন ব্যক্তিকে মনোনয়ন না দিয়ে জনবিচ্ছিন্ন একজন নেতাকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। যে কারণে, দুই উপজেলার মানুষ বিএনপির প্রার্থীকে মেনে নিতে না পেরে ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহানকে সমর্থন দিয়েছেন।”
তিনি অভিযোগ করে বলেন, “এখনো নির্বাচনি মাঠ শান্ত রয়েছে। বিএনপি প্রার্থীর কর্মী-সমর্থকরা ভোটারদের নানাভাবে হুমকি দিচ্ছে। ফলে অনেক ভোটার আতঙ্কগ্রস্ত হচ্ছেন। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হলে ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহানের বিজয় সুনিশ্চিত।”
গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বলেন, “স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহানের সঙ্গে যারা আছেন, তারা মূলত টাকার লোভেই রয়েছেন। আগামী দু-চার দিনের মধ্যে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে যদি তারা ফিরে না আসেন, তাহলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”
স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান জানান, বিএনপি প্রার্থী তার জনসমর্থন দেখে ভীত হয়ে কর্মী-সমর্থকদের ওপর হামলা করাচ্ছেন। ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য হুমকি-ধামকি দিচ্ছেন। নির্বাচনে আগৈলঝাড়া ও গৌরনদী উপজেলার মানুষ তাকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করবে এমন প্রত্যাশা করছেন তিনি ।
বিএনপির প্রার্থী জহির উদ্দিন স্বপন জানান, বিএনপির নেতাকর্মীরা তার সঙ্গে আছেন। আসন্ন নির্বাচনে জনগণ তাকে বিপুল ভোটে বিজয়ী করবে।
স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলা ও ভয়ভীতি প্রদর্শনের বিষয়টি অস্বীকার করে তিনি জানান, বিএনপির প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন স্বতন্ত্র প্রার্থী।
বরিশাল-১ আসনে জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী কামরুল ইসলাম খান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. রাসেল সরদার ও জাতীয় পার্টির সেরনিয়াবাত সেকেন্দার আলীও নির্বাচনি মাঠে রয়েছেন। তারা নিজেদের মতো নির্বাচনি প্রচার চালাচ্ছেন।
ঢাকা/মাসুদ