ঢাকা     সোমবার   ০২ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ১৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মঙ্গলবার গাজীপুরে যাচ্ছেন জামায়াত আমির, প্রস্তুত হচ্ছে মঞ্চ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৮, ২ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৪:০৪, ২ ফেব্রুয়ারি ২০২৬
মঙ্গলবার গাজীপুরে যাচ্ছেন জামায়াত আমির, প্রস্তুত হচ্ছে মঞ্চ

রাজবাড়ি মাঠে মঞ্চ প্রস্তুতের কাজ চলছে। ছবি: রাইজিংবিডি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) গাজীপুরের ঐতিহাসিক রাজবাড়ি মাঠে ১১ দলীয় জোট আয়োজিত নির্বাচনী জনসভায় যোগ দেবেন। এদিন দুপুরে জনসভায় ভাষণ দেবেন তিনি। এ উপলক্ষে রাজবাড়ি মাঠে প্রস্তুত করা হচ্ছে মঞ্চ। এই সমাবেশে বিপুল সংখ্যক নারী উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন আয়োজক কমিটি। 

জামায়াতের নেতাকর্মীরা জানান, প্রধান অতিথি ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে বিভিন্ন প্রস্তুতি নেয়া হচ্ছে। গাজীপুরের ৫টি আসনের ১১ দলের মনোনীত প্রার্থীরা উপস্থিত থাকবেন। সেজন্য জেলা ও মহানগর থেকে লাখো নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা আসবেন। বেলা ১১ টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। তবে প্রধান অতিথি আসবেন দুপুরের পর। তিনি হেলিকপ্টারে গাজীপুর শহীদ বরকত স্টেডিয়ামে নামার কথা রয়েছে। 

আরো পড়ুন:

গাজীপুর জেলা ছাত্র শিবিরের সভাপতি ইয়াছিন আরাফাত বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশব্যাপী ক্যাম্পের অংশ হিসাবে আমাদের আমিরে জামায়াত আসছেন। তার আগমনে নির্বাচনের ফলাফলে পজিটিভ ইমপ্যাক্ট পড়বে। তিনি নির্বাচনে দিকনির্দেশনাসহ গাজীপুরবাসীকে নিয়ে বক্তব্য দিবেন। 

গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দিন বলেন, আমিরে জামায়াত জনসভায় এসে গাজীপুরের জনগণের কাছে দাঁড়িপাল্লা ও ১১ দলীর জোটের প্রার্থীদের জন্য ভোট চাইবেন। আমরা আশা করি জনগণ আমাদের ভোট দেবে, আগামী ১২ ফেব্রুয়ারি তাদের রায়ে আমরা সরকার গঠন করবো। 

গাজীপুর জেলা জামায়াতের আমির ড. জাহাঙ্গীর আলম বলেন, সমাবেশে অতীতের সকল রেকর্ড ভেঙে বিপুলসংখ্যক মানুষের সমাগম হবে। এবারের সম্মেলনে বিশেষ আকর্ষণ বাংলাদেশ জামায়াতে ইসলামীর হাজার হাজার নারী কর্মী উপস্থিত হবেন। নিরাপত্তার জন্য প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমাদের আশ্বস্ত করেছেন। 

ঢাকা/রেজাউল/ফিরোজ 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়