‘জামায়াতের বাস্তব চরিত্র কোনো না কোনোভাবে প্রকাশ হয়ে যায়’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবদুল কাদের। ফাইল ফটো
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের নারী অবমাননাকর একটি এক্স পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই পোস্টে জামায়াতে নারী নেতৃত্ব ও নারীদের বিষয়ে থাকা বক্তব্য নিয়ে আলোচনা, সমালোচনা চলছে।
ওই পোস্ট নিয়ে সমালোচনা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবদুল কাদের।
তিনি বলেছেন,“ভোটের মাঠে কৌশল হিসেবে তারা (বাংলাদেশ জামায়াতে ইসলামী) সাময়িকভাবে ভেক ধরে; কিন্ত তাদের বাস্তব চরিত্র কোনো না কোনোভাবে প্রকাশিত হয়ে যায়।”
রবিবার (১ ফেব্রুয়ারি) রাতে ফেসবুক এক পোস্টে তিনি এ কথা বলেন।
আবদুল কাদের বলেন, “জামাতের আমির অস্বীকার করলেও; প্রকৃত অর্থে জামাতিরা নারীদের সম্পর্কে এমন মনোভাবই পোষণ করে। ভোটের মাঠে কৌশল হিসেবে তারা সাময়িকভাবে ভেক ধরে; কিন্ত তাদের বাস্তব চরিত্র কোনো না কোনোভাবে প্রকাশিত হয়ে যায়। জামাত ক্ষমতায় আসলেও( যদিও সম্ভাবিলিটি নাই) তারা নির্বাচনকালীন যে চরিত্র প্রকাশ করতেছে, সেই চরিত্র চাইলেও ধরে রাখতে পারবে না।”
পোস্টে তিনি বলেন, “ডানপন্থিরা ছিঁড়ে ফেলবে তাদেরকে, প্রতিনিয়ত মব চলবে। তাদের অবস্থান হবে, ‘ভোট দিয়ে ক্ষমতায় আনছি তোমাদের হেকমত অবলম্বন করার জন্য না, আমরা যা চাইবো তা-ই তোমাদেরকে করতে হবে।”
যদিও ওই পোস্ট নিয়ে শনিবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে ফেসবুক পোস্টে দেওয়া বিবৃতিতে জামায়াত জানিয়েছে, সাইবার হামলার মাধ্যমে জামায়াতের আমিরের নামে মিথ্যা বক্তব্য প্রচার করা হয়েছে। এ ঘটনায় হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
ঢাকা/রায়হান/ইভা