নাটোর কারাগারে বন্দি ৪১ জন পোস্টাল ব্যালটে ভোট দেবেন
নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নাটোর জেলা কারাগার। ফাইল ফটো।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর জেলা কারাগারে বন্দি ৪১ জন পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করবেন। এ জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।
জেলা কারাগার সূত্রে জানা গেছে, বর্তমানে নাটোর জেলা কারাগারে মোট ৭৫২ জন বন্দি রয়েছেন। তাদের মধ্যে ৩৩ জন নারী বন্দি। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী বন্দিদের মধ্যে ৪১ জন পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদানের জন্য আগ্রহ প্রকাশ করেন। যাদের ১৭ জন হাজতি ও ২৪ জন সাজাপ্রাপ্ত কয়েদি।
কারা কর্তৃপক্ষ জানায়, নির্বাচন কমিশনের ঘোষণা পাওয়ার পর থেকেই আটক, হাজতি ও কয়েদিদের ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ করা হয়। এর ধারাবাহিকতায় আগ্রহী বন্দিদের কাছ থেকে আবেদন গ্রহণ করে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
নাটোর জেলা কারাগারের জেলার শেখ মো. রাসেল বলেন, “নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী বন্দিদের ভোটাধিকার নিশ্চিত করতে আমরা শুরু থেকেই কাজ করছি। কারাগারে থাকা ৭৫২ জন বন্দির মধ্যে ৪১ জন পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে আগ্রহ প্রকাশ করেছেন। নির্বাচন কমিশনের সব নিয়ম মেনে তারা ভোটাধিকার প্রয়োগ করবেন।”
ঢাকা/আরিফুল/মাসুদ